S-400 ধ্বংস করতে ভারতে স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি প্রাক্তন এয়ার মার্শালের

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়ে ভারতের আকাশসীমার মুকুট হয়ে উঠেছিল এস-৪০০ (S-400) এয়ার ডিফেন্স সিস্টেম। এই অত্যাধুনিক ‘রক্ষাকবচ’-এর নিখুঁত নিশানার ভয়ে পাকিস্তানি যুদ্ধবিমানগুলি ভারতীয় সীমান্তের প্রায় ২০০ কিলোমিটারের মধ্যেও ঘেঁষার সাহস পায়নি বলে দাবি করেছেন প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। আর ভারতের এই সামরিক শক্তিকে ধ্বংস করতে ও তার সঠিক অবস্থান জানতে ইসলামাবাদ গোপনে দেশের ভেতরে স্লিপার সেল ও গুপ্তচরদের সক্রিয় করে তুলেছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অপারেশন সিঁদুর সংক্রান্ত একাধিক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, পাকিস্তানের সামরিক অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বড় আতঙ্ক ও বাধা হয়ে দাঁড়িয়েছিল এস-৪০০। অত্যাধুনিক রাডার ও দূরপাল্লার ইন্টারসেপশন প্রযুক্তির অধিকারী এই ডিফেন্স সিস্টেমের অবস্থান খুঁজে পেতে পাকিস্তান সর্বশক্তি প্রয়োগ করেছিল। দেশের অভ্যন্তরে ছড়িয়ে থাকা বিভিন্ন স্লিপার সেল ও গুপ্তচরদের ব্যবহার করার পাশাপাশি ইসলামাবাদ বিদেশি বিভিন্ন শক্তির কাছ থেকে স্যাটেলাইট-ভিত্তিক গোয়েন্দা সহায়িতাও নিয়েছিল।

জিতেন্দ্র মিশ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর পাল্টা আক্রমণে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক রাডার ও কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এর জেরে আকাশপথে নজরদারির জন্য পাকিস্তান সম্পূর্ণভাবে এডব্লিউএসিএস (AWACS)-এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু সেই সতর্কতাও কাজে লাগেনি। পাকিস্তানের সরগোদা থেকে পরিচালিত একটি এডব্লিউএসিএস বিমানকে প্রায় ৩১৪ কিলোমিটার দূর থেকে সফলভাবে নিশানা করেছিল ভারতের এস-৪০০ সিস্টেম। এটিকে অত্যন্ত দীর্ঘপাল্লার একটি সারফেস-টু-এয়ার ইন্টারসেপশন হিসেবে উল্লেখ করে ভারতীয় সেনার প্রযুক্তিগত মুন্সিয়ানার প্রশংসা করেছেন প্রাক্তন এই এয়ার মার্শাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *