মেয়েকে আয়ার ভরসায় রেখে বিদেশে যাওয়া কাল! মাকে গুনতে হল ২০ লক্ষ টাকা জরিমানা

সন্তানকে একা ফেলে রেখে বিলাসবহুল বিদেশভ্রমণে যাওয়ার খেসারত দিতে হল এক মাকে। ছোট মেয়েকে বাড়িতে আয়ার তত্ত্বাবধানে একা রেখে বিদেশে চলে যাওয়ার অভিযোগে এক মাকে প্রায় ২০ লক্ষ টাকা (৮০,০০০ দিরহাম) জরিমানা করেছে আবুধাবির আদালত। সবচেয়ে বড় কথা হলো, শিশুটির বাবা সম্পূর্ণ সুস্থ এবং সন্তানের দেখাশোনা করার জন্য প্রস্তুত ও ইচ্ছুক থাকা সত্ত্বেও তাঁকে অন্ধকারে রেখে এই কাণ্ড ঘটিয়েছিলেন ওই মহিলা।
ঠিক কী ঘটেছিল ঘটনাটি?
আবুধাবি সিভিল ফ্যামিলি কোর্টের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, মায়ের এই চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং অবহেলা শিশুটির ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। পাশাপাশি এটি মা ও বাবার মধ্যে থাকা আইনগত যৌথ অভিভাবকত্বের (Joint Custody) চুক্তিও লঙ্ঘন করেছে। এই রায়ের বিরুদ্ধে মা আদালতে আপিল করলেও, আপিল আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আর্থিক জরিমানার নির্দেশ বহাল রাখে।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচ্ছেদের পর ওই দম্পতির মধ্যে যৌথ অভিভাবকত্ব রয়েছে। কিন্তু মা যখন বিদেশ সফরে যান, তখন তিনি ছোট্ট মেয়েকে আয়ার ভরসায় রেখে যান। অথচ শিশুটির বাবা আদালতকে জানান যে, আয়ার অনুপস্থিতিতে তিনি নিজেই সন্তানের সমস্ত দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এবং উপস্থিতও ছিলেন।
আয়ার নজরদারি এবং বিড়ালের আঁচড়
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আদালতের নজরে আসে যে, মায়ের অনুপস্থিতিতে ওই বাড়িতে পরিবারের বাইরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষও বসবাস করছিলেন। শুধু তাই নয়, মায়ের সেই আট দিনের বিদেশবাসের মধ্যেই শিশুটি একটি বিড়ালের আঁচড়ের শিকার হয়, যার জেরে তাকে তড়িঘড়ি জলাতঙ্কের টিকা দিতে হয়। এই ঘটনাটি মা আদালতেও অস্বীকার করেননি।
শুনানির সময় আদালত কেবল আয়ার কাছে সন্তান রেখে যাওয়ার বিষয়টিকে দেখেনি, বরং মায়ের এই আচরণ যৌথ অভিভাবকত্বের আইনের পরিপন্থী কিনা এবং শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করার পর্যাপ্ত বন্দোবস্ত ছিল কিনা, তাও খতিয়ে দেখেছে।
আবুধাবির আইন কী বলে?
আবুধাবির দেওয়ানি পারিবারিক আইন অনুযায়ী, যৌথ অভিভাবকত্বের ক্ষেত্রে বাবা ও মা উভয়েরই সন্তানের বিষয়ে সমান আইনি অধিকার এবং দায়িত্ব থাকে। ২০২২ সালের ৮ নম্বর রেজুলেশনের ৪০ নম্বর ধারা স্পষ্ট বলছে, কোনো অভিভাবক যদি যৌথ অভিভাবকত্বের নিয়ম বা আদালতের নির্দেশ অমান্য করেন, তবে আদালত তাঁদের ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা ধার্য করতে পারে।
এই নির্দিষ্ট মামলায় আদালত রায় দিয়েছে যে, বিদেশ যাত্রার সময় মায়ের উচিত ছিল আয়ার সাহায্য না নিয়ে সন্তানের বাবার সাহায্য নেওয়া। ফলস্বরূপ, টানা আট দিন মেয়ের কাছ থেকে দূরে থেকে তাঁকে ঝুঁকিতে ফেলার অপরাধে প্রতিদিনের জন্য ১০,০০০ দিরহাম করে মোট ৮০,০০০ দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা) জরিমানা ধার্য করা হয়েছে।