অতিথি আপ্যায়নে জাস্ট জমে ক্ষীর! রইল জিভে জল আনা সর্ষে পাবদার চটজলদি দুর্দান্ত রেসিপি

বাঙালি মানেই মাছের প্রতি আলাদা এক দুর্বলতা, আর সেই তালিকায় পাবদার কদর সবসময়ই একটু আলাদা। অনুষ্ঠান বাড়ি হোক কিংবা সাধারণ কোনো ছুটির দিনের দুপুরের খাবার, নরম ও সুস্বাদু পাবদা মাছ পাতে পড়লেই সকলের মন ভালো হয়ে যায়। বিশেষ করে সর্ষে বাটা দিয়ে রান্না করা গরম ভাতের সঙ্গে সর্ষে পাবদার জুড়ি মেলা ভার। সর্ষের ঝাঁঝালো স্বাদ মাছের সঙ্গে মিশে তৈরি করে এক অপূর্ব মেলবন্ধন, যা অতিথি আপ্যায়নে রাখলে প্রশংসার জোয়ার বইবেই। ছিমছাম উপাদানে খুব কম সময়ে কীভাবে রাঁধবেন এই জিভে জল আনা পদ, দেখে নিন তার সহজ প্রণালী।
প্রয়োজনীয় উপকরণ:
পাবদা মাছ
সর্ষে ও পোস্ত বাটা
টক দই
কালোজিরে
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
পরিমাণমতো নুন ও রান্নার তেল
সহজ প্রণালী:
প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। মাছ ভাজার ওই তেলেই সামান্য কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোরন দিন।
এবার একে একে সর্ষে-পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো সামান্য জল দিয়ে গ্রেভির জন্য ঝোল তৈরি করুন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলি সাবধানে গ্রেভিতে ছেড়ে দিন। ঝোল মাছের গায়ে মাখা মাখা হয়ে এলে উপর থেকে চেরা কাঁচালঙ্কা আর সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি দারুণ স্বাদের সর্ষে পাবদা।
আজকের রান্নায় এই সুস্বাদু পদটি ট্রাই করছেন তো? কেমন হল, কমেন্ট করে আমাদের জানান।