এসির কম্প্রেসার ফাটতেই বিধ্বংসী আগুন! পাকিস্তানের সরকারি হাসপাতালে জীবন্ত পুড়ে মৃত ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ (AC) ব্যবস্থার ত্রুটির কারণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জিও টিভি সূত্রে জানা গেছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (PIMS) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডের নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল, যার মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, হাসপাতালের নার্সারির ভেতরে একটি এয়ার-কন্ডিশনারের কম্প্রেসারে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ছয়টি ইঞ্জিন ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ (MCH) ওয়ার্ডের তৃতীয় তলায় এই বিধ্বংসী আগুনে ১৪টি শিশু ঘটনাস্থলেই সম্পূর্ণ পুড়ে মারা যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। শিশুদের প্রাণহানির এই ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে তিনি অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে। উল্লেখ্য, পিআইএমএস নামের এই হাসপাতালেই এর আগে আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *