১৬ বছর পর বরানগর-ব্যারাকপুর মেট্রোয় ঐতিহাসিক মোড়! কবে থেকে ছুটবে ট্রেন? কোন কোন স্টেশনেই বা থামবে?

দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা পুরসভার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার পরেই এবার মাঠে নামতে চলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। এই প্রকল্পের পথ সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বি.টি. রোডের মাটির নিচে থাকা বিশালাকার জলের পাইপ। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে আগামী ৪২ মাসের মধ্যে এই মেট্রো প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
কেন আটকে ছিল কাজ? প্রধান জটিলতা কী ছিল?
মেট্রো প্রকল্পের প্রধান কারিগরি জটিলতা তৈরি হয়েছিল বি.টি. রোডের নিচে থাকা ছয়টি জলের পাইপ লাইনকে ঘিরে। এর মধ্যে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের পাইপটি নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল মেট্রো। পলতা থেকে এই পাইপ লাইনের মাধ্যমেই প্রতিদিন বৃহত্তর কলকাতায় প্রায় ২০ লক্ষ গ্যালন জল সরবরাহ করা হয়। তাই এই পাইপ লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হলেই গোটা কলকাতা জুড়ে বড়সর জলসংকট দেখা দেওয়ার আশঙ্কা ছিল।
এই জটিল সমস্যা সমাধানের জন্য আইআইটি খড়্গপুরের সাহায্য নেয় মেট্রো কর্তৃপক্ষ। আইআইটি বিশেষজ্ঞদের প্রযুক্তিগত পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৪৮ মিটার ব্যাসার্ধের পুরনো পাইপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে আগামী দিনে ৭২ মিটার ব্যাসার্ধের একটি নতুন পাইপ লাইন তৈরি করে দেওয়া হবে। এই পথ বের করার পরই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চলাচলের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
কোন কোন স্টেশন থাকছে এই রুটে?
প্রায় ১২.৪ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রুটে মোট ১০টি আধুনিক স্টেশন তৈরি করা হবে। স্টেশনগুলি হলো:
কামারহাটি
আগরপাড়া
সোদপুর
পানিহাটি
সুভাষনগর
খড়দা
টাটা গেট
টিটাগড়
তালপুকুর
ব্যারাকপুর
কী বলছেন রেল ও আবাসন বিশেষজ্ঞরা?
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন, ‘‘জলের পাইপ লাইন অক্ষত রেখে এবং বিকল্প উপায়ে জল সরবরাহ বজায় রেখে কীভাবে কাজ করা যায়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আইআইটি খড়্গপুরের সহায়তায় সেই বাধা আমরা অতিক্রম করতে পেরেছি। রাজ্য সরকার আমাদের কাজের অনুমতি দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের থমকে থাকা এই কাজ এবার দ্রুত গতিতে এগোবে।’’
অন্যদিকে, এই প্রকল্প চালু হওয়া নিয়ে ‘পূর্তি রিয়েলটি’-র ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল বলেন, ‘‘বরানগর–ব্যারাকপুর মেট্রো করিডর উত্তর ২৪ পরগনার শহরতলির যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক বিপ্লব আনতে চলেছে। বি.টি. রোড বরাবর এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের যাতায়াতের সময় যেমন কমবে, তেমনই কমবে রাস্তার যানজট। এর জেরে ওই অঞ্চলের আবাসন, বাণিজ্যিক ক্ষেত্র এবং সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন কর্মসংস্থান ও উন্নয়নের জোয়ার আসবে।’’
সব মিলিয়ে, দীর্ঘ ১৬ বছরের জট কাটিয়ে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের পথে পা বাড়ানোয় উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে আনন্দের জোয়ার দেখা দিয়েছে।