ডিনারের টেবিলে হাসিখুশি আড্ডা, মুহূর্তেই রক্তে ভাসল বাড়ি! একই পরিবারের ৮ জনকে পর পর খুন

একসঙ্গে বসে হাসিমুখে রাতের খাবার খাচ্ছিলেন সবাই। ডিনারের টেবিলে তখন চলছিল টুকটাক রসিকতা ও হাসিঠাট্টা। কিন্তু কে জানত, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে একেবারে ছারখার হয়ে যাবে গোটা একটা পরিবার! ডিনার টেবিলের সেই আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হলো রক্তগঙ্গায়। পরিবারেরই এক সদস্যের নির্মম গুলিতে প্রাণ হারালেন একই পরিবারের আটজন সদস্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংসে। পরিবারের এক সদস্য অ্যাডাম ঘেকিয়েরে সেই সময় কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। তিনিই এই নৃশংস হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে এনেছেন।

অ্যাডাম জানিয়েছেন, নিহতদের মধ্যে তাঁর নিজের প্রাক্তন স্ত্রী এবং দুই সন্তানও রয়েছে। এই বর্বরোচিত হামলায় কার্যত চার প্রজন্ম শেষ হয়ে গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছে ৯০ বছরের এক প্রবীণা থেকে শুরু করে মাত্র ৭ বছরের এক নাবালিকাও। সর্বমোট নিহত আটজনের মধ্যে চারজনই শিশু। পরিবারের সদস্যদের ঠান্ডা মাথায় পরপর গুলি করে খুন করার পর গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলি চালানোর কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে গুরুতর জহম ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই ৪৪ বছর বয়সি ওই হামলাকারীর মৃত্যু হয়।

পুলিশ এখনও পর্যন্ত এই হামলার পেছনের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে এক পুলিশ আধিকারিকের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনো বিবাদের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে। এটি বাইরে থেকে আসা কোনো দুষ্কৃতীর এলোপাথাড়ি হামলা নয়, বরং ঘরের মানুষেরই এক নৃশংস তাণ্ডবলীলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *