তারাপীঠে কবে কৌশিকী অমাবস্যা? জেনে নিন ২০২৬-এর সঠিক দিনক্ষণ ও সাধক বামাথার্পার অলৌকিক ইতিহাস

কালীভক্তদের কাছে বছরের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন হলো কৌশিকী অমাবস্যা। বিশেষ করে বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দিরে এই তিথিতে উপচে পড়া ভিড় দেখা যায়। প্রতি বছর এই বিশেষ দিনে মা তারার দর্শন ও পুজো দিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ভক্ত। তবে শুধু মন্দিরেই নয়, আজকাল অনেক বাড়িতেও নিষ্ঠা সহকারে এই তিথিতে পুজো করা হয়।

কৌশিকী অমাবস্যা ২০২৬ কবে?
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু হবে ওই দিন সকাল ১০টা ১১ মিনিটে এবং তা শেষ হবে পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে। সূর্যোদয়ের সময় বিবেচনা করে ১০ সেপ্টেম্বরকেই কৌশিকী অমাবস্যার প্রধান দিন হিসেবে ধরা হয়েছে। এই দিনেই তারাপীঠে মা তারার বিশেষ পুজো, সাধনা এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।

কেন এই তিথির এত মাহাত্ম্য?
ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত পৌরাণিক কাহিনি অনুসারে, কৌশিকী অমাবস্যার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপা ও মা তারার গভীর আধ্যাত্মিক সম্পর্ক। কথিত আছে, তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করার সময়ই তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন বামাখ্যাপা এবং সাক্ষাৎ মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন। এই অলৌকিক বিশ্বাসের টানেই প্রতি বছর হাজার হাজার মানুষ তারাপীঠে উপস্থিত হন। শাক্ত ও তন্ত্রসাধনার ক্ষেত্রে এই রাতটিকে বছরের অন্যতম শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়।

অনেকের মতে, এই দিনে কুশ কাটা হয় বলেই একে ‘কৌশী অমাবস্যা’ বলা হয়ে থাকে। সাধক ও ভক্তদের বিশ্বাস, এই বিশেষ রাতে মা তারা ভক্তদের ডাকে সাড়া দেন। তাই দিনটিকে মা তারার আবির্ভাব দিবস হিসেবেও পালন করা হয়।

তারাপীঠে বিশেষ প্রস্তুতি ও ভিড়
কৌশিকী অমাবস্যা উপলক্ষে বর্তমানে তারাপীঠ মহাশ্মশান এবং মন্দির চত্বরে বিশেষ সাজো সাজো রব পড়েছে। দেশ-বিদেশ থেকে সাধু-সন্ত ও নামী তন্ত্রসাধকরা তারাপীঠে এসে পৌঁছাতে শুরু করেছেন। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে মা তারার আরাধনা করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় এবং মা তারার অশেষ কৃপা লাভ করা সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *