‘যখন ওরা একে অপরকে ছেড়ে দিয়েছে…!’ গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ জল্পনা নিয়ে ফায়ার কাশ্মীরা শাহ

অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ এখন বি-টাউনের অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এর মাঝেই গোবিন্দার ভাইপো কৃষ্ণা অভিষেকের স্ত্রী তথা অভিনেত্রী কাশ্মীরা শাহ পাপারাজ্জিদের সামনে এমন এক মন্তব্য করলেন, যা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতা আহুজা স্বামী গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া এবং প্রতারণা করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। জনসমক্ষে এমন ব্যক্তিগত আক্রমণ নিয়ে চর্চা শুরু হলে গোবিন্দা নিজেও মুখ খোলেন। তিনি সুনীতাকে সংযত হওয়ার বার্তা দিয়ে জানান, বারবার ব্যক্তিগত সম্পর্কের গোপনীয়তা এভাবে জনসমক্ষে নিয়ে আসা মোটেই কাম্য নয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়েন কাশ্মীরা শাহ। পাপারাজ্জিরা তাঁকে গোবিন্দা ও সুনীতার চলমান মতপার্থক্য নিয়ে প্রশ্ন করলে তিনি চরম বিরক্ত হন। স্পষ্ট ভাষায় সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি মেজাজ হারিয়ে বলেন, “যখন ওরা একে অপরকে ছেড়ে দিয়েছে, তখন আপনারা কেন বারবার পিছু পড়েছেন?”
তবে এই কঠিন সময়ে সুনীতা আহুজার পাশেই দাঁড়িয়েছেন কাশ্মীরা। তিনি সাফ জানান, পরিবারের সমস্ত মহিলাদের রক্ষা করা তাঁর কর্তব্য এবং তিনি সর্বদা তাঁদের পাশেই থাকবেন। কাশ্মীরার মতে, সুনীতা এর আগে কখনও জনসমক্ষে এভাবে মুখ খোলেননি। আজ যখন তিনি প্রকাশ্যে কথা বলছেন, তখন নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ বা গভীর সমস্যা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে কাশ্মীরা লিখেছিলেন, “সত্যিকারের ভালবাসা কি আদৌ টিকে থাকে? যেভাবে মানুষ একে অপরকে ধোঁকা দিচ্ছে এবং একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাতে আমি ভীষণভাবে হতাশ।” এই পোস্টের পর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছেন, এর সঙ্গে গোবিন্দা-সুনীতার সম্পর্কের টানাপোড়েনের গভীর যোগ রয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিনের মন কষাকষি মিটিয়ে কিছুদিন আগেই এক রিয়্যালিটি শো-এর মঞ্চে কাশ্মীরা ও সুনীতা একে অপরকে আলিঙ্গন করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোবিন্দা নয়, বরং সুনীতার পক্ষেই শক্ত হাতে ঢাল ধরেছেন কাশ্মীরা।