শিশুর ক্যানসার মানেই কি জীবনের শেষ? জেনে নিন এই মারণরোগ নিয়ে প্রচলিত ৭টি বড় ভুল ধারণা ও সত্যতা

পরিবারে ছোট কোনো শিশুর ক্যানসার ধরা পড়ার খবর মানেই যেন গোটা পৃথিবীর রঙ বদলে যাওয়া। প্রিয় সন্তানের এমন রোগ ভোগের খবরে বাবা-মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কঠিন পরিস্থিতিতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পরামর্শ অনেক সময় বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে। ক্যানসার নিয়ে সমাজে এমন কিছু প্রচলিত ভুল ধারণা বা মিথ রয়েছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। অথচ চিকিৎসকদের মতে, সঠিক সময়ে ধরা পড়লে এবং ঠিকমতো চিকিৎসা করা গেলে অনেক শিশুই এই রোগকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, উন্নত দেশগুলিতে সঠিক চিকিৎসায় ৮০ শতাংশেরও বেশি শিশু ক্যানসার মুক্ত হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের ক্যানসার নিয়ে সমাজে যে সমস্ত ভুল ধারণা রয়েছে, তার আসল সত্যিটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি:
১. ক্যানসার কি ছোঁয়াচে?
অনেকেরই ধারণা, ক্যানসার ছোঁয়াচে রোগ। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। কোলাকুলি করা, একসঙ্গে খাওয়া বা খেলাধুলা করলেও ক্যানসার ছড়ায় না। কেমোথেরাপির সময় রোগীকে ভিড় থেকে দূরে থাকতে বলা হয়, কারণ ওই সময় তাঁদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ ছড়ানোর ভয়ে নয়।
২. বাবা-মায়ের ভুলেই কি ক্যানসার হয়?
অধিকাংশ ক্ষেত্রেই ছোটদের ক্যানসারের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় না। প্রাপ্তবয়স্কদের মতো এটি জীবনধারা বা পরিবেশের সঙ্গে সাধারণত জড়িত নয়। তাই এর জন্য বাবা-মায়েদের নিজেদের দোষী ভাবা বা অপরাধবোধে ভোগা উচিত নয়।
৩. ক্যানসার মানেই কি নিশ্চিত মৃত্যু?
এই ধারণাটি একেবারেই ঠিক নয়। রোগের ধরণ ও চিকিৎসার সুযোগের ওপর নির্ভর করে অনেক শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সময়মতো চিকিৎসা শুরু করলে বড় একটা অংশই সুস্থ জীবনযাপন করতে পারে।
৪. কেমোথেরাপি কি রোগের চেয়েও ভয়ঙ্কর?
কেমোথেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন চুল পড়া বা ক্লান্তি থাকে ঠিকই, কিন্তু এটি ক্যানসার নিরাময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চিকিৎসকদের সঠিক পরিচর্যা ও সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে এই সমস্যাগুলি অনেকটাই সামাল দেওয়া সম্ভব।
৫. বিকল্প চিকিৎসায় কি ক্যানসার সারে?
কোনো ভেষজ বা ঘরোয়া টোটকা দিয়ে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক ক্যানসার চিকিৎসা প্রতিস্থাপন করা সম্ভব নয়। ভুল চিকিৎসায় দেরি করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।
৬. অসুস্থ শিশু কি স্কুলে যেতে পারে না?
শারীরিক অবস্থা ও সংক্রমণের ঝুঁকির ওপর ভিত্তি করে অনেক শিশুই চিকিৎসার ফাঁকে বা সুস্থ হয়ে ওঠার পর নিয়মিত স্কুলে যেতে পারে। এটি তাদের মানসিক মনোবল চাঙ্গা রাখতে সাহায্য করে।
৭. ক্যানসার ফিরে এলে কি আর কোনো আশা থাকে না?
ক্যানসার রিল্যাপস বা পুনরায় ফিরে আসা নিঃসন্দেহে একটা কঠিন পরিস্থিতি। তবে এর অর্থ এই নয় যে সমস্ত চিকিৎসা শেষ। বর্তমান চিকিৎসাব্যবস্থায় ইমিউনোথেরাপি বা বোনম্যারো ট্রান্সপ্লান্টের মতো নানা উন্নত প্রযুক্তির মাধ্যমে ফের লড়াই করার সুযোগ থাকে।
ক্যানসারের মতো কঠিন রোগ নিয়ে ভয় নয়, প্রয়োজন সঠিক সচেতনতা। ভুল তথ্য বা কুসংস্কারে কান না দিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চললে অনেক শিশুই আবার হাসিমুখে ফিরে পেতে পারে তাদের রঙিন শৈশব।