মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এর ধাঁচেই এবার মালদহ! শুরু হচ্ছে ‘শনিবার শুনভাই’

কলকাতা বা সল্টলেকের আদলে এবার মালদহেও চালু হতে চলেছে সরাসরি গণশুনানি কর্মসূচি। সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করতে জেলা প্রশাসন এবার চালু করছে ‘শনিবার শুনভাই’। সবকিছু ঠিক থাকলে আগামীকাল, শনিবার থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কী এই ‘শনিবার শুনভাই’? জেলা প্রশাসন সূত্রে খবর, সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস এবং পুরসভায় এই কর্মসূচি পালিত হবে। এর মূল উদ্দেশ্য হলো, সাধারণ মানুষ যেন তাঁদের স্থানীয় এলাকায় বসেই প্রশাসনের কর্তাদের কাছে নিজেদের অভাব-অভিযোগ সরাসরি জানাতে পারেন।

কীভাবে সমাধান হবে সমস্যার? এই গণশুনানি শিবিরে নাগরিকরা সরকারি প্রকল্পের সুবিধা, পরিকাঠামো বা অন্য যেকোনো স্থানীয় সমস্যা নিয়ে আবেদন জানাতে পারবেন। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট অভিযোগ বাক্স রাখা হবে। জমা পড়া অভিযোগগুলো বিষয়ভিত্তিক তালিকাভুক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। কোনো অভিযোগ যদি স্থানীয় পর্যায়ে সমাধান করা সম্ভব না হয়, তবে সেই ফাইল সংশ্লিষ্ট মন্তব্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সচেতনতায় জোর জেলা প্রশাসনের সাধারণ মানুষকে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হবে। মাইকিং, স্থানীয় প্রচার এবং তথ্যফলকের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। নিয়মিত পর্যালোচনা এবং সাপ্তাহিক রিপোর্ট তৈরির মাধ্যমে নিশ্চিত করা হবে যে, প্রতিটি অভিযোগ যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সুরাহা পায়।

মালদহের জেলাশাসক রাজনবীর সিং জানিয়েছেন, “এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন তৈরি হবে। জেলাবাসী তাঁদের ঘরের কাছেই প্রশাসনকে পাওয়ার সুযোগ পাবেন, যা জেলার সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা নেবে।” প্রশাসনের এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *