খুচরো বা খোলা তেল বিক্রি করলে ১০ লক্ষ টাকা জরিমানা! মহারাষ্ট্রে কড়া পদক্ষেপ FDA-র

খাবারের গুণগত মান নিশ্চিত করতে এবং ভেজাল তেলের রমরমা রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। মহারাষ্ট্রের FDA প্রধান তুকারাম মুন্ডে ঘোষণা করেছেন, এবার থেকে খোলা বা খুচরো খাবার তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বিক্রেতাদের।
‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযান রাজ্য সরকারের ‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুকারাম মুন্ডে জানিয়েছেন, প্রতিটি পরিবার নিত্যদিনের রান্নায় ভোজ্য তেল ব্যবহার করে, তাই তেলে ভেজাল থাকলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষ করে সরষের তেলের গুণগত মানের ওপর প্রশাসন বিশেষ নজর দিচ্ছে। নিয়ম অনুযায়ী, এখন থেকে কেবলমাত্র প্যাকেটজাত তেলই বিক্রি করা যাবে।
কী সাজা হতে পারে? মহারাষ্ট্র সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী, কেউ যদি প্যাকেট ছাড়া খোলা তেল বিক্রি করেন বা খাবারে ভেজাল মেশানোর মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে অপরাধীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ৩ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে।
অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধেও কড়া প্রশাসন উল্লেখ্য, গত ৭ আগস্ট মুম্বইয়ের মালাডে ব্লিঙ্কইটের একটি স্টোরে অভিযান চালিয়েছিল FDA। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, আরশোলা ও পোকামাকড়ের উপদ্রব এবং বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির মতো ভয়াবহ চিত্র সামনে আসে। কোল্ড স্টোরেজের মান ও কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো একাধিক অভিযোগও উঠেছিল ওই কোম্পানির বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তেলের গুণগত মান বজায় রাখতে এই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মহারাষ্ট্রের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন, কারণ এর ফলে প্রতিদিনের ব্যবহৃত খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত হবে।