বাস্তবেই প্রেম করছেন উজি-ঋষি? মেকআপ রুমের অন্দরে ফাঁস করলেন অভিনেতা অভিষেক

টেকনিশিয়ান স্টুডিওর ফ্লোর তখন কিছুটা নীরব। চারদিকে আউটডোর শুটে ব্যস্ত নিশা-ভানু। কিন্তু গল্পের মূল আকর্ষণ তো উজি আর ঋষি! জোয়ার ভাঁটার শুটিংয়ের আড়ালে তাদের অফ-স্ক্রিন রসায়ন ঠিক কেমন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল সরাসরি টেকনিশিয়ান স্টুডিওর মেকআপ রুমে।
উজি-ঋষির প্রেম কি শুধুই স্ক্রিপ্টে?
মেকআপ রুমের আড্ডায় বসতেই প্রথমে উঠে এল দর্শকদের মনে চলা সেই চিরচেনা গুঞ্জন—পর্দায় উজি-ঋষির কেমিস্ট্রি দেখে ভক্তদের ধারণা, বাস্তবেও নাকি প্রেমে পড়েছেন অভিষেক বীর শর্মা এবং আরাত্রিকা মাইতি! এ কথা শুনতেই দুজনেই হেসে উঠলেন। আরাত্রিকা স্পষ্ট জানালেন, শুটিং আর বাড়ি—এর বাইরে তাঁদের হাতে সময়ই নেই। আড্ডা হয় ঠিকই, কিন্তু প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
ঋষির চরিত্রে থাকা অভিষেকও সহমত পোষণ করলেন। তবে পর্দায় উজির বিবর্তন নিয়ে কথা উঠতেই অভিষেক যোগ করেন, “ঋষির কাছে সবসময় উজিকে ভালো লাগে। আগে তো ভালোবাসাটা ছিল নিছক ছলনা, কিন্তু এখন উজি সত্যিই ঋষিকে ভালোবাসে।”
সুচিত্রা সেনের সঙ্গে তুলনা ও আরাত্রিকার অস্বস্তি
আরাত্রিকার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে অবিকল মহানায়িকা সুচিত্রা সেনের মতো দেখতে লাগছিল। এই প্রসঙ্গ তুলতেই অভিনেত্রী জানান, অভিনয়ের শুরুতে তাঁর গলার স্বর নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। কিন্তু আজ তিনি নিজের জায়গায় আত্মবিশ্বাসী। সুচিত্রা সেনের সঙ্গে মিলের কথা উঠতেই আরাত্রিকা লজ্জা পেলেন। তখন অভিষেক মৃদু হেসে মন্তব্য করেন, “আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু সব কথা কি আর মুখে বলে দিতে হয়?”
নিশা-ভানুর ‘গ্রিন ফ্ল্যাগ’ প্রেম
এদিকে আড্ডার মাঝে শট সেরে ক্লান্ত শ্রুতি দাস (নিশা) এবং রৌনক খান (ভানু) এসে যোগ দিলেন। নিশার বিয়ে হয়ে যাওয়ার পর ভানুই কি ছিল সঠিক পাত্র? রৌনক দাবি করলেন, “ভানু সারাজীবন নিশাকেই ভালোবাসবে, কথা দিয়েছিল তো!” তবে শ্রুতি দাসের মতে, বেস্ট ফ্রেন্ডকে বর বানানো বেশ চাপের। উজির চরিত্রে আরাত্রিকার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জামাইবাবু হিসেবে জিৎ না ভানু—কাকে বেশি পছন্দ? আরাত্রিকার কথায়, “জিত বসুর সঙ্গে উজির সম্পর্ক ভালো হলেও, ভানু আসলে ‘গ্রিন ফ্ল্যাগ’। কিন্তু দিদি তো জিতের প্রেমে পাগল, ভানুর ভালোবাসা রিজেক্ট করে দিল!”
আড্ডার মাঝেই পরের সিন নিয়ে হাজির প্রোডিউসার। এদিকে শ্রুতি-রৌণকের প্যাকআপের সময় হয়েছে। অগত্যা আড্ডা থামিয়েই যে যার কাজে পা বাড়ালেন তারকারা, তবে পর্দার পেছনের এই রসায়নই যে দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, তা আবারও স্পষ্ট হয়ে গেল।