হাসপাতালেই চিকিৎসা! কয়েক ঘণ্টার মধ্যেই আচমকা আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো ইমরান খানকে

শীর্ষ আদালতের নির্দেশে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল শুক্রবার ভোরে। তবে সেই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন প্রধানমন্ত্রীকে আবার কারাগারে স্থানান্তরিত করা হয়।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য দুই দিনের মধ্যে তাঁকে ইসলামাবাদের কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে চিকিৎসকরা তাঁকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। পরে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর জানা যায় যে ইমরানের তেমন কোনো মারাত্মক শারীরিক জটিলতা নেই। এরপরই হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয় এবং ফের আদিয়ালা জেলে ফিরিয়ে আনা হয়।
তোশাখানা মামলায় চৌদ্দ বছরের কারাদণ্ড পাওয়ার পর থেকেই ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পিটিআই প্রধান। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা ও উদ্বেগ প্রকাশ করেছিলেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। এই ঘটনার জেরে পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।