গান্ধীর মতো আন্দোলন শুরু PoK-তে, জেনেনিন এবার বিদ্রোহ কোন পথে?

পাক অধিকৃত কাশ্মীরের (PoK) সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে শেহবাজ শরিফ সরকার ও পাক সেনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন দমাতে প্রশাসনের তরফ থেকে নানাভাবে বলপ্রয়োগ ও দমনপীড়ন চালানোর অভিযোগ উঠলেও দমে যাননি স্থানীয় বাসিন্দারা। এবার পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC) মহাত্মা গান্ধীর আদলে একটি পূর্ণাঙ্গ আইন অমান্য আন্দোলনের ঘোষণা করেছে।

পালান্দ্রিতে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে JAAC নেতা সর্দার আমান কাশ্মীরি সাধারণ মানুষকে সমস্ত ধরনের কর এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা থেকে বিরত থাকার জোরালো আবেদন জানান। এর পাশাপাশি সরকারি দফতর ও স্কুল বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সাফ অভিযোগ, পাকিস্তানি প্রশাসন তাঁদের ন্যায়সঙ্গত দাবি শোনার পরিবর্তে বারবার বলপ্রয়োগের পথ বেছে নিচ্ছে। সমাবেশে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র স্লোগান তুলে তাঁরা স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁরা কোনওভাবেই ‘বুলেটের আইন’ মানবেন না।

আমান কাশ্মীরির বক্তব্য অনুযায়ী, ৭০ দিনেরও বেশি সময় ধরে সাধারণ মানুষ জীবনের পরোয়া না করে সরকারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কঠোর পরিশ্রমী পরিবারের এই সাধারণ মানুষগুলোকে গুলি বা ভয়ের বাতাবরণ তৈরি করে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। সরকারি রাজস্ব প্রদান বন্ধ রাখা এবং প্রশাসনিক দফতর বয়কটের এই কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের প্রশাসনের ওপর তীব্র অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই সংঘাতের রক্তক্ষয়ী পরিণতির বদলে রাজনৈতিক ও আলোচনার পথেই এর স্থায়ী সমাধান খোঁজার পক্ষে সওয়াল করেছেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *