চলন্ত লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

কলকাতার রাস্তায় বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়লেন টলিউডের পরিচিত মুখ তথা জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার মুখে একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারে অভিনেতার চলন্ত গাড়িতে। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও অভিনেতার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ার পোস্টে দুর্ঘটনার রোমহর্ষক বিবরণ দিয়ে জয়জিৎ দাবি করেন, তাঁর গাড়ির চালক সম্পূর্ণ নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই ডানদিক থেকে এসে লরিটি সজোরে ধাক্কা মারে। লরিচালকের শারীরিক অবস্থা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করে তিনি লেখেন, ফাঁকা রাস্তায় যেভাবে ওই লরিটি বেসামালভাবে চালানো হচ্ছিল, তাতে চালক যে সম্পূর্ণ সুস্থ ছিলেন না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
প্রাণহানির আশঙ্কা এড়ানোর বিষয়ে অভিনেতা লিখেছেন, তিনি নিজে গাড়ির সামনের আসনেই বসেছিলেন বলেই বরাত জোরে বেঁচে গেছেন। তবে পেছনের সিটে থাকলে তাঁকে বড় ধরনের আঘাতের মুখোমুখি হতে হতো। সেই সঙ্গে বেপরোয়া লরিচালকদের দৌরাত্ম্য ও পথনিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কাপ্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, এই লরিটি আরও কত দূর গিয়ে এভাবে দুর্ঘটনা ঘটাবে বা কার প্রাণ কাড়বে তার কোনো ঠিক নেই।
দুর্ঘটনার পর হরিদেবপুর থানার দ্বারস্থ হলেও পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর অভিযোগ, পুলিশ ঘটনার গভীরতা না বুঝে শুধুমাত্র একটি এমসিআর করে বিষয়টি সেরে ফেলেছে। সিসিটিভিতে মোড়া এই শহরে লরিটিকে চিহ্নিত করার মতো কোনো তৎপরতা পুলিশের চোখে পড়েনি বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের ওপর ভরসা রেখেই পুরো বিষয়টি সাইবার দুনিয়ায় তুলে ধরেছেন তিনি এবং তার পোস্টে মুখ্যমন্ত্রীকে ট্যাগও করেছেন। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।