আসছে জন্মাষ্টমী, নাড়ুগোপালকে কী ভোগ দেবেন ভাবছেন? রইল জিভে জল আনা তালের পায়েসের সহজ রেসিপি

সেপ্টেম্বরের শুরুতেই কড়া নাড়ছে জন্মাষ্টমী। গোটা দেশজুড়ে অত্যন্ত মহা সমারোহে পালিত হয় এই পবিত্র উৎসব। এই বিশেষ দিনে ভক্তরা নিজ নিজ গৃহে নাড়ুগোপালকে নানা পদের সুস্বাদু ভোগে সাজিয়ে দেন। বিশেষ করে তালের তৈরি বিভিন্ন সুস্বাদু পদ গোপালের ভোগের থালায় রাখাটর এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তালের বড়া, তালের মালপোয়া কিংবা তালের লুচি তো হামেশাই তৈরি হয়, তবে এবারের জন্মাষ্টমীর ভোগের থালায় ভিন্ন কিছু রাখতে চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন জিভে জল আনা ‘তালের পায়েস’।
তালের পায়েস তৈরির প্রয়োজনীয় উপকরণ:
পায়েসের চাল: ২৫০ গ্রাম
ঘন করে জ্বাল দেওয়া তালের রস: ৫-৬ চামচ
ঘন করে জ্বাল দেওয়া দুধ: আধ লিটার
কনডেন্সড মিল্ক: ৫ চামচ
চিনি: স্বাদমতো
কাজুবাদাম ও কিশমিশ: পরিমাণমতো
ঘি: সামান্য
সহজ প্রণালী:
প্রথমে একটি কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে চাল হালকা করে ভেজে নিন। এরপর এর মধ্যে কিছুটা দুধ ঢেলে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে রাখুন। অন্য একটি পাত্রে বাকি দুধ, ঘন করে জ্বাল দেওয়া তালের রস এবং পরিমাণমতো চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ফুটিয়ে রাখা চালের মধ্যে ঢেলে দিতে হবে।
ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন দুধ ও চালের মিশ্রণটি বেশ ঘন হয়ে আসবে, তখন তাতে একে একে কনডেন্সড মিল্ক, কাজু ও কিশমিশ ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু তালের পায়েস। ঘরের তাপমাত্রায় ঠান্ডা করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার ঠান্ডা ঠান্ডা এই পদ নাড়ুগোপালকে নিবেদন করুন এবং পরিবারের সকলকে পরিবেশন করুন।