ছাউনি উড়ে আকাশ উন্মুক্ত, মেঝেতে কিলবিল করছে কেন্নো! বাংলার এই ICDS কেন্দ্রে ছোটদের কী দশা দেখছেন?

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আলুই গ্রামের ৬৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে বিরাজ করছে এক চরম অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশ। অবহেলা আর উদাসীনতার এক জীবন্ত ছবি উঠে এসেছে এই কেন্দ্রে, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন উপস্থিত হওয়ার কথা কোমলমতি শিশুদের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই কেন্দ্রটির মাথার ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় মারাত্মক সমস্যা তৈরি হয়। বাধ্য হয়েই খোলা আকাশের নীচেই এখন রান্নার কাজ সারতে হচ্ছে কর্মীদের। শুধু রান্নার জায়গাই নয়, কেন্দ্রের চারপাশ জুড়ে কিলবিল করছে কেন্নো ও নানা পোকা-মাকড়। ছোট্ট শিশুদের বসা ও পড়াশোনার জায়গাটিও অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই চরম অব্যবস্থার কারণে আতঙ্কিত অভিভাবকরা তাঁদের ছেলে-মেয়েদের এই কেন্দ্রে পাঠানো প্রায় বন্ধই করে দিয়েছেন। এলাকার মানুষের তীব্র অভিযোগ, এই বেহাল দশার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি। তবে দীর্ঘদিনের এই অবহেলা কাটিয়ে নতুন সরকারের আমলে পরিস্থিতির বদল ঘটবে এবং সমস্যার স্থায়ী সমাধান হবে—এই আশাতেই বুক বেঁধেছেন কেন্দ্রের কর্মী ও এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *