আসছে নতুন মাস্টারপ্ল্যান! বাংলায় কোন মেগা কর্মসূচির ব্লু-প্রিন্ট বানাচ্ছেন শাহ?

ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছানোর পর আগামী ২১ ও ২২ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা।
নবান্ন সূত্রে খবর, এই সফরে সীমান্ত সুরক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা এবং নজরদারি বাড়ানোর বিষয়ে সশস্ত্র সীমা বলের (SSB) শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর। একই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়ে সুনির্দিষ্ট পর্যালোচনার সম্ভাবনা রয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের নতুন ফৌজদারি আইন কার্যকর করার অগ্রগতি নিয়েও খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিনটি আইন রাজ্যে কতটা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, পুলিশ ও প্রশাসন কী প্রস্তুতি নিয়েছে—সে সব বিষয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এই সংক্রান্ত একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি শিলিগুড়িতে তার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক কাজের পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচিও রয়েছে এই সফরে। সবমিলিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দুদিনের ঝটিকা সফর রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব তৈরি করেছে।