৩ হাজার টাকা হাতে পেতেই বাঁধভাঙা উল্লাস! মাটির ঘট নিয়ে আবির খেলায় মাতলেন মহিলারা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অগাস্ট মাস থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana)। নির্ধারিত সময় মতো মাস পড়তেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই আর্থিক সহায়তার টাকা। আর মোবাইল স্ক্রিনে ৩ হাজার টাকা ঢোকার মেসেজ দেখতে পেতেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন উপভোক্তারা। টাকা হাতে পাওয়ার এই আনন্দে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। মিষ্টিমুখ ও আবির খেলায় বাঁধভাঙা আনন্দএ দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে উৎসবের মেজাজে ধরা দেন এলাকার মহিলারা। অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেতেই একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা। শুধু তাই নয়, আনন্দ উদযাপনের অঙ্গ হিসেবে মাটির ঘট হাতে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন মহিলারা। পথচলতি মানুষদেরও মিষ্টি খাইয়ে এই খুশির মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। এই আনন্দঘন মুহূর্তে মহিলাদের পাশেই উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। তাঁরা জানান, রাজ্যের যোগ্য মহিলারা প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন, তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। কী বলছেন উপভোক্তারা?আনন্দাশ্রু আর চওড়া হাসিতে এক উপভোক্তা নীলিমা গিরি জানান, “মাননীয় মুখ্যমন্ত্রী আগেই কথা দিয়েছিলেন আমাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেবেন। আজ সেই টাকা হাতে পেয়ে আমরা অসম্ভব খুশি। তাই সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনটে পনেরো মিনিটে মোবাইলে টাকা ঢোকার মেসেজ এসেছে, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।” অন্য এক উপভোক্তা আবেগপ্রবণ হয়ে বলেন, টাকা অ্যাকাউন্টে ঢুকবে ভাবতেই পারেননি, এই প্রাপ্তিতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতেই গ্রামীণ বাংলায় এখন সাজো সাজো রব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *