বিধায়কদের জন্য বিলাসবহুল উপহারের ঝুলি! গাড়ির পাশাপাশি প্রতি মাসে মিলবে বড় অংকের ভাতা

বিধানসভা এলাকার কাজে গতি আনতে এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার লক্ষে রাজ্যজুড়ে বিধায়কদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করল সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের ২৩৪ জন বিধায়কের জন্যই বিশেষ উপহারের কথা ঘোষণা করেছেন। এর ফলে এবার থেকে বিধায়করা শুধু সরকারি গাড়িই পাবেন না, পাশাপাশি গাড়ি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পেট্রোল খরচ এবং ব্যক্তিগত সেক্রেটারির ভাতার ব্যবস্থাও করবে সরকার।
উপহারের ঝুলিতে কী কী থাকছে?
মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী, নিজেদের বিধানসভা এলাকার কাজের জন্য বহুবার যাতায়াত করতে হয় জনপ্রতিনিধিদের। কাজের গতি আরও বাড়াতেই সমস্ত বিধায়ককে গাড়ি উপহার দেওয়া হবে। এই গাড়ি চড়েই তাঁরা নিজেদের এলাকায় দাপ্তরিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করতে পারবেন।
এর পাশাপাশি, গাড়ির রক্ষণাবেক্ষণ, পেট্রোল এবং ডিজেলের খরচ বহন করার জন্য বিধায়কদের প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে।
চালক ও ব্যক্তিগত সেক্রেটারির জন্য আর্থিক সহায়তা
শুধু গাড়ি বা পেট্রোলের খরচই নয়, এর বাইরেও অতিরিক্ত আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে আরও ২৫ হাজার টাকা আলাদাভাবে প্রদান করা হবে। যদি কোনো বিধায়ক নিজের কাজের সুবিধার্থে একজন ব্যক্তিগত সেক্রেটারি (PS) রাখতে চান, তবে তাঁর খরচ মেটানোর জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, বহু বিধায়ক আছেন যাঁরা প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সাধারণ মানুষের সেবা করছেন এবং তাঁদের যাতায়াতের নিজস্ব কোনো গাড়িও নেই। নতুন প্রজন্মে ও প্রথমবার জয়ী হওয়া জনপ্রতিনিধিরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে রাজ্যের বিধায়কদের কর্মতৎপরতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।