মাত্র ২৭ বছর বয়সে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই চিরনিদ্রায় জনপ্রিয় বলিউড অভিনেত্রী

মাত্র সাতাশ বছর বয়সেই কেরিয়ারের মধ্যগগনে মর্মান্তিক পরিণতি! প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী ও মডেল অনন্যা রাজ। গত ১৫ জুলাই মৃত্যু হলেও, দীর্ঘ এক মাস পর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃখজনক খবর প্রকাশ করা হয়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
ঘুমের মধ্যেই শান্তিতে চিরবিদায়
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনন্যা। গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নানা জটিল সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। পরিবারের দাবি, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এক লড়াকু সৈনিকের মতো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে পরিবার জানিয়েছে, অনন্যা ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা এক তরুণী, যিনি নিজের জীবন আত্মবিশ্বাসের সঙ্গেই বাঁচতেন। তাঁর এই চলে যাওয়া পরিবারের কাছে এক গভীর অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। একই সঙ্গে অনন্যার আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছে পরিবার। এই কঠিন সময়ে তারা ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার অনুরোধ করেছেন।
অভিনয়ে উজ্জ্বল কেরিয়ার
মুম্বইয়ে বড় হয়ে ওঠা অনন্যা রাজ সিনেমা ও মিউজিক ভিডিওর মাধ্যমে হিন্দি বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ আওয়ার্স টু গো’ (7 Hours to Go) ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো হিন্দি ছবির পাশাপাশি একাধিক দক্ষিণী বা আঞ্চলিক ভাষার সিনেমাতেও সফলভাবে অভিনয় করেছিলেন এই তরুণী প্রতিভাদীপ্ত অভিনেত্রী।