বিহার কি ‘প্রশ্নপত্র ফাঁসের রাজধানী’? তেজস্বীর নিশানায় এনডিএ সরকার, ১৯ অগাস্ট মহাজোটের বড় ডাক

বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সুর চড়ালেন আরজেডি নেতা তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাজ্যের শাসকদল এনডিএ-কে তীব্র আক্রমণ করে তেজস্বীর অভিযোগ, বিহার বর্তমানে ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের রাজধানী’ হয়ে উঠেছে। দশম-দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাগাতার কারচুপির ঘটনা রাজ্য প্রশাসনের ব্যর্থতারই চরম নিদর্শন বলে তিনি দাবি করেছেন।
‘বিক্ষোভ করলেই লাঠিচার্জ, ব্যবহার করা হচ্ছে একে-৪৭’
তেজস্বী যাদবের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি জানাচ্ছে, তখন তাঁদের কণ্ঠরোধ করতে পুলিশি নিষ্ঠুরতার আশ্রয় নেওয়া হচ্ছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)-এর খবর অনুযায়ী, বিহারের বিরোধী দলনেতা বিস্ফোরক দাবি করেছেন যে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ তো বটেই, এমনকি সিওয়ানের ঘটনার সময় পুলিশের তরফ থেকে একে-৪৭ রাইফেলের মতো মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
১৯ অগাস্ট লোক ভবনের দিকে পদযাত্রা
সিওয়ানের ঘটনার প্রতিবাদ এবং এই অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে বড়সড় কর্মসূচি নিয়েছে ‘মহাজোট’। তেজস্বী যাদব ঘোষণা করেছেন, আগামী ১৯শে আগস্ট পাটনায় লোক ভবনের অভিমুখে একটি বিশাল পদযাত্রা করবে মহাজোটের শরিক দলগুলি। এছাড়া রাজ্যপালের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিরোধী নেতাদের।
তেজস্বীর স্পষ্ট দাবি, সিওয়ানের ঘটনায় শুধুমাত্র একজন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা যথেষ্ট নয়। তিনি সেই ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন, যিনি বিক্ষোভকারী পড়ুয়াদের ওপর রাইফেল তাক করার নির্দেশ দিয়েছিলেন।
বিহারে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড়
প্রসঙ্গত, গত ২৫শে জুলাই ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিহারজুড়ে ছাত্র সংগঠনগুলোর ডাকা বনধ কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছিল। পাটনা, সারণ, সিওয়ান, ঔরঙ্গাবাদ, ভাগলপুর-সহ রাজ্যের একাধিক জেলায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, সমস্তিপুর, নওয়াদা, নালন্দার মতো এলাকাতেও প্রভাব পড়েছিল বনধের। সেই অশান্তির রেশ কাটতে না কাটতেই তেজস্বী যাদবের এই নতুন হুঙ্কারে বিহারের রাজনৈতিক পারদ পুনরায় তুঙ্গে।