মুর্শিদাবাদে মর্মান্তিক কাণ্ড! সুতিতে হাঁসুয়ার কোপে প্রাণ গেল তিন নিষ্পাপ শিশুর, জখম হয়ে হাসপাতালে ১

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে ঘটে গেল এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা। হাঁসুয়ার এলোপাথাড়ি কোপে প্রাণ হারিয়েছে তিন শিশু। এই হামলায় গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আরও এক শিশু। ঘটনার পরই অভিযুক্ত যুবক নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাড়ির উঠোনে খেলা করছিল চার শিশু। তাদের মধ্যে একজনের বয়স ১১ বছর এবং বাকিদের বয়স যথাক্রমে পাঁচ, ছয় ও সাত বছর। অভিযোগ, আচমকাই ১১ বছরের শিশুটিকে ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। বাকি তিন শিশু সেই দৃশ্য দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় সে। চারজনকেই বেধড়ক কোপানো হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুদের নাম মণিফা খাতুন (৫), ইসরাত পারভিন (১১) এবং আনিসা খাতুন (৭)। গুরুতর জখম অবস্থায় চতুর্থ শিশু নুসরত জাহান (৬)-কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হামলার পর ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।