স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নজিরবিহীন নিরাপত্তা, এক হাজার এআই ক্যামেরায় মুড়ল পুরো এলাকা!

স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে লালকেল্লা ও সংলগ্ন এলাকা নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি। উৎসবের দিনগুলিতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এক হাজারের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সিসিটিভি ক্যামেরা, বহুস্তরীয় তল্লাশি ব্যবস্থা এবং অ্যান্টি-টেরর রেসপন্স প্ল্যানের মাধ্যমে লালকেল্লাকে কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে।
শুক্রবার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই একাধিক মক ড্রিল সফলভাবে শেষ করেছে। রাজধানীর এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অঞ্চলে নিরাপত্তার এমন কড়াকড়ি আগে খুব কমই দেখা গেছে।
উত্তর দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজা বানথিয়া একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত বছর দেশের রাজধানীতে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবার সুনির্দিষ্ট ও বিস্তৃত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, তাদের মূল লক্ষ্য হলো স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা চরম অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা।