“ভাষার অধিকারে আপস করব না!” প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়ে সাফ বার্তা দিলেন টিটিকে প্রধান বিজয়

সোমবার তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পদক্ষেপ করল টিভিকে (TVK) সরকার। রাজ্যের প্রতিটি সরকারি অনুষ্ঠানে গান হিসেবে ‘তামিল থাই বাঝতু’ (Tamil Thaai Vazhthu) বা তামিল রাজ্য সংগীত গাওয়া বাধ্যতামূলক করে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করানো হয়েছে। এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের ভাষাগত এবং সাংস্কৃতিক অধিকারে তাঁর সরকার বিন্দুমাত্র আপস করবে না। তামিল কেবল একটি ভাষাই নয়, বরং তা মানুষের আবেগ এবং পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে মন্তব্য করেছেন তিনি।
তামিল আমাদের জীবন ও আবেগ: মুখ্যমন্ত্রী বিজয়
একটি আবেগঘন বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় জোর দিয়ে বলেন, “মাতৃভাষা মানুষের মায়ের মতো পবিত্র।” সংবাদ সংস্থা সূত্রে খবর, তিনি আরও বলেন, “তামিল থাই বাঝতু গাওয়া দেশের রাজনৈতিক ব্যবস্থা বা ভারতের অখণ্ডতার বিরুদ্ধে নয়। উলটে এটি দেশের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যের’ মহান নীতিকেই প্রতিফলিত করে। এই গানটি প্রথমে গাওয়া নিয়ে অযথা কোনও রাজনৈতিক বিতর্ক তৈরি করার প্রয়োজন নেই।”
রাজ্য বিধানসভায় পাশ হওয়া এই প্রস্তাব অনুযায়ী, এখন থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দফতর এবং অন্যান্য জনসমক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে তামিল রাজ্য সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, এই বিখ্যাত গানটি ১৮৯১ সালে মনোমণিয়ম সুন্দরনারের লেখা ‘মনোমণিয়ম’ নাটক থেকে নেওয়া হয়েছে। ২০২১ সালের ১২ ডিসেম্বর এটিকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের রাজ্য সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর
তামিল রাজ্য সংগীতের মর্যাদা এবং গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সেই চিঠিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তামিল ভাষার সম্মান ও মর্যাদার প্রশ্নে টিটিকে সরকার পিছপা হবে না। রাজনৈতিক মহলের মতে, বিজয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।