‘কাউকে চুমু খাইনি, নিওনি!’ মহিলা ভক্তদের উন্মাদনা নিয়ে মুখ খুলতেই উদিত নারায়ণকে চরম কটাক্ষ কুমার শানুর?

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ও রোমান্টিক কণ্ঠস্বর কুমার শানু (Kumar Sanu)। তাঁর জাদুকরী গানে বুঁদ হয়ে থাকেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সেই স্বর্ণযুগে তাঁর পাগল করা গলার জাদুতে মহিলা ভক্তদের উন্মাদনা ছিল আকাশছোঁয়া। কিন্তু ভক্তদের এমন অন্ধ ভালোবাসার মাঝে তিনি কি কখনও কোনো বিতর্কে জড়িয়েছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ গায়ক। তবে তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে তীব্র জল্পনা। সবারই ধারণা, কুমার শানু তাঁর দীর্ঘদিনের সতীর্থ গায়ক উদিত নারায়ণের গত বছরের সেই আলোচিত ‘চুমু’ বিতর্ককেই একহাত নিয়েছেন!
ঠিক কী বলেছেন কুমার শানু?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শানুকে তাঁর মহিলা ভক্তদের পাগলামি এবং সেই সংক্রান্ত নানা অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। খোশমেজাজে উত্তর দিতে গিয়ে হাসতে হাসতে তিনি সাফ জানিয়ে দেন, “না ভাই, আমাকে কেউ কোনো চুমু-টুমু খায়নি। আমিও কাউকে চুমু খাইনি। আমি কাউকে চুমু দিইওনি, আর কারও থেকে নিইওনি। আমি ওসব একেবারেই করিনি।” তাঁর এই কথাগুলি সামনে আসতেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় পুরনো সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। নেটিজেনদের মতে, শানুর এই মন্তব্য সরাসরি গত বছরের উদিত নারায়ণের সেই বিতর্কিত ঘটনার দিকেই ইঙ্গিত করছে।
কী ছিল উদিত নারায়ণের সেই বিতর্কিত ঘটনা?
গত বছর জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ কনসার্টের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, প্রবীণ গায়ক উদিত নারায়ণ একটি লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার ফাঁকে মহিলা ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন। কিন্তু ছবি তোলার মাঝেই তিনি বেশ কয়েকজন মহিলা ভক্তের গালে চুমু খাচ্ছিলেন। এর মধ্যে একটি দৃশ্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা ভক্ত গায়কের গালের দিকে সেলফির জন্য এগিয়ে এলে উদিত হঠাৎ মুখ ঘুরিয়ে নেন এবং উভয়ের ঠোঁট ছুঁয়ে যায়।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিনা অনুমতিতে বা সম্মতিতে এমন আচরণ করা কতটা শোভন, সেই প্রশ্ন তুলে তুমুল সমালোচনা শুরু হয়। এমনকি এই ঘটনার পর উদিত নারায়ণের পুরোনো বেশ কিছু ভিডিও নিয়েও নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছিল।
সাফাই দিয়েছিলেন উদিত নারায়ণ
তীব্র সমালোচনার মুখে পড়ে সেসময় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন উদিত নারায়ণ। তিনি দাবি করেছিলেন, ভক্তরা একটু আবেগপ্রবণ ও পাগল প্রকৃতিরই হন। তিনি নিজেকে একজন ‘ভদ্র মানুষ’ বলে দাবি করে বলেন যে, ভক্তরা এভাবেই তাঁদের নিখাদ ভালোবাসা প্রকাশ করেন এবং এর মধ্যে আপত্তিকর বা খারাপ কিছু নেই। তবে উদিতের সেই সাফাইয়ে বিতর্ক থামেনি। আর এবার খোদ কুমার শানুর মুখে এমন মন্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও উসকে দিল বলে মনে করছে বিনোদন দুনিয়া।