রাজত্ব না থাকলেও কমেনি দাপট! মাসোহারা না দেওয়ায় অ্যাম্বুল্যান্স চালককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে

রাজত্ব না থাকলেও দাপট যে একবিন্দুও কমেনি, তার প্রমাণ মিলল দুর্গাপুরে। সরকার বদলের পর মাসোহারা দেওয়া বন্ধ করায় এক অ্যাম্বুল্যান্স চালককে মারধর করার অভিযোগ উঠল এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কী অভিযোগ?
দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালান মানিক ধীবর। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে ‘মাসোহারা’ দিতে হতো দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে। প্রাণের ভয়ে অনলাইন মারফত নিয়মিত ওই টাকা হীরালালকে পাঠিয়েও দিতেন তিনি।
তবে রাজ্যে পালাবদলের পর তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হলে মানিকবাবু আর টাকা দিতে অস্বীকার করেন। এর জেরে গত কাল তোলাবাজির টাকা না পেয়ে মদ্যপ অবস্থায় ওই অ্যাম্বুল্যান্স চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত চালকের দাবি, দুর্গাপুরের ওই এলাকায় প্রায় ৪০টি অ্যাম্বুল্যান্স চলে এবং প্রতিটির চালককে ১০ হাজার টাকা করে দিতে হতো। নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে তিনি ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
কী বলছে অভিযুক্তপক্ষ?
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি। তাঁর পালটা দাবি, টাকা নিয়ে কোনো বিরোধ বা তোলাবাজির ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। উল্টে তাঁর দাবি, তাঁকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়েছিল, যার জেরে কথাকাটাকাটি বা বচসা শুরু হয়। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বলেই দাবি তাঁর।
ঘটনার জেরে দুর্গাপুর চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।