EMI দিতে না পারলে কি পুলিশ সটান বাড়ি চলে আসে? লোন না মেটালে জেল হয় কি? জেনে নিন আসল সত্যিটা!

বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের দৌলতে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ পাওয়া এখন জলের মতো সহজ। মোবাইল অ্যাপের মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে লোন মিলে যায়। কিন্তু চরম আর্থিক সংকট, চাকরি চলে যাওয়া বা ব্যবসা ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে যখন ইএমআই (EMI) বাকি পড়তে শুরু করে, তখন থেকেই শুরু হয় আসল দুশ্চিন্তা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—ঋণ পরিশোধ করতে না পারলে পুলিশ কি বাড়িতে চলে আসবে? পুলিশ কি সরাসরি জেলে পাঠাতে পারে?

এর অত্যন্ত সহজ এবং স্পষ্ট আইনি উত্তর হলো— না, শুধুমাত্র ঋণ পরিশোধ করতে না পারা কোনও শাস্তিযোগ্য অপরাধ নয়। যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, কিন্তু খারাপ পরিস্থিতির কারণে আপনি ইএমআই দিতে অক্ষম হন, তবে সেই অপরাধে দেশের আইন অনুযায়ী আপনাকে কেউ জেলে পাঠাতে পারবে না।

ইএমআই শোধ করতে ব্যর্থ হলে ব্যাঙ্ক ঠিক কী পদক্ষেপ করে?
কেউ যদি পরপর ইএমআই দিতে ব্যর্থ হন, তবে ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে কোনও কড়া বা বেআইনি পদক্ষেপে যায় না। তাদের নির্দিষ্ট কিছু আইনি প্রক্রিয়া রয়েছে:

রিমাইন্ডার ও নোটিস: প্রথমে ফোন এবং মেসেজের মাধ্যমে টাকা পরিশোধের কথা মনে করিয়ে দেওয়া হয়। এরপর পাঠানো হয় আনুষ্ঠানিক আইনি নোটিস।

এনপিএ (NPA) ঘোষণা: দীর্ঘ সময় ধরে টাকা বকেয়া থাকলে ব্যাঙ্ক সেই লোন অ্যাকাউন্টকে ‘নন-পারফর্মিং অ্যাসেট’ বা এনপিএ হিসেবে চিহ্নিত করে।

সিবিল স্কোরের পতন: এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে আপনার সিবিল (CIBIL) স্কোরের ওপর। ফলে ভবিষ্যতে অন্য কোনও লোন বা ক্রেডিট কার্ড পেতে মারাত্মক সমস্যার মুখে পড়তে হয়।

আইনি ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া: এর পরে ব্যাঙ্ক আদালতের দারস্থ হয়ে টাকা পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া শুরু করতে পারে। যদি ঋণের বিপরীতে কোনো সম্পত্তি বা জিনিস বন্ধক রাখা থাকে, তবে ব্যাঙ্ক তা নিলাম বা বাজেয়াপ্ত করতে পারে।

কোন পরিস্থিতিতে জেলের ঝুঁকি থাকে?
নিরুপায় বা অসহায় অবস্থায় ইএমআই দিতে না পারলে আইনিভাবে জেল হয় না। তবে প্রতারণার (Fraud) ক্ষেত্রে কড়া কারাদণ্ডের বিধান রয়েছে। যেমন:

কেউ যদি জাল কাগজপত্র বা ভুয়া নথি দিয়ে ঋণ নেন।

নিজের চাকরি বা প্রকৃত আয় সম্পর্কে ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দিয়ে থাকেন।

অথবা পূর্বপরিকল্পিতভাবে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার মতো অসৎ উদ্দেশ্য থাকে।

এই ধরনের বিশেষ ক্ষেত্রে ব্যাঙ্ক সরাসরি পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করতে পারে এবং তখন তা ফৌজদারি মামলা হিসেবে গণ্য হয়।

রিকভারি এজেন্টদের হুমকি ও আপনার অধিকার
ঋণ খেলাপ হলে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা আসে রিকভারি এজেন্টদের হেনস্থা থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর কড়া নিয়ম অনুযায়ী—

রিকভারি এজেন্টরা বকেয়া টাকা চেয়ে ফোন করতে পারেন, প্রয়োজনে বাড়ি বা অফিসেও আসতে পারেন।

কিন্তু কোনো অবস্থাতেই তাঁরা আপত্তিকর ভাষা ব্যবহার, গালিগালাজ বা হুমকি দিতে পারবেন না।

মাঝরাতে বা অসময়ে ফোন করে হেনস্থা করার আইনগত অধিকার তাদের নেই।

যদি কোনো রিকভারি এজেন্ট নিজের সীমানা লঙ্ঘন করে অপমান বা হুমকি দেয়, তবে আপনি সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় পুলিশে অথবা সোজা আরবিআই-এর কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন।

আর্থিক সংকট দেখা দিলে কী করা উচিত?
অনেকেরই একটা বড় ভুল অভ্যাস থাকে—ব্যাঙ্কের ফোন এলে তা এড়িয়ে চলা বা কেটে দেওয়া। এতে সমস্যা মেতো দূরই থাক, বরং জটিলতা বহুগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে করণীয় হলো:

ভুলেও ব্যাঙ্কের ফোন বা যোগাযোগ এড়িয়ে চলবেন না।

সোজাসুজি ব্যাঙ্কে গিয়ে আপনার বাস্তব সমস্যাটি খোলামেলাভাবে আলোচনা করুন।

অনেক সময় ব্যাঙ্ক মানবিক দিক বিবেচনা করে সাহায্য করে। প্রয়োজনে তারা ইএমআই-এর পরিমাণ কমাতে পারে, ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিতে পারে অথবা কিছুদিন ইএমআই স্থগিত রাখার (Moratorium) সুযোগ দিতে পারে। ক্ষেত্রবিশেষে ওয়ান-টাইম সেটেলমেন্ট বা এককালীন নিষ্পত্তির সুবিধাও পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *