সৌরভের সঞ্চালনায় আসছে বাংলার ‘বিগ বস’! ঘরে বন্দি হতে পারেন টলিপাড়ার কোন কোন হেভিওয়েট তারকারা?

ছোটপর্দায় পা রাখতে চলেছে বহুল প্রতীক্ষিত বাঙালি রিয়েলিটি শো বাংলার ‘বিগ বস’। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন খোদ মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। শো শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি থাকলেও, ঘরের অন্দরে কোন তারকারা বন্দি হতে চলেছেন, তা নিয়ে টলিপাড়ায় জল্পনার শেষ নেই। বিগ বসের নিয়ম অনুযায়ী, ঘরে প্রবেশ করলে বাইরের দুনিয়ার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, থাকতে হয় ফোন ছাড়া। কেউ কাটাবেন কয়েক সপ্তাহ, আবার কেউ থাকবেন টানা তিন মাস। সেই মতো প্রতিযোগীদের পুরোপুরি প্রস্তুত থাকার কথা থাকলেও, অন্দরের খবর বলছে— এখনও চূড়ান্ত তালিকা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

সম্ভাব্য প্রতিযোগী ও পিয়া সেনগুপ্তর নাম নিয়ে চর্চা
টেলিপাড়ায় জোর গুঞ্জন চলছে সম্ভাব্য প্রতিযোগীদের নাম নিয়ে। সম্প্রতি ইমপা (IMPA)-র প্রাক্তন সভাপতি তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্তর কাছে ‘বিগ বস’ হাউজে যাওয়ার প্রস্তাব এসেছে বলে খবর। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে তাঁকে এই হাই-প্রোফাইল শোয়ে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইমপা থেকে পদত্যাগ করেছেন পিয়া। অতীতে রতন সাহা ও শতদীপ সাহার সঙ্গে তাঁর মতবিরোধ এবং উত্তপ্ত পরিস্থিতির কথা টলিপাড়ায় চর্চিত ছিল। এই পরিস্থিতিতে পিয়া বিগ বসের ঘরে এলে, প্রতিযোগী হিসেবে শতদীপ সাহাকেও সেখানে দেখা যাবে কি না, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অন্দরে।

জীতু কমল ও সৌরভ দাসের নামও আলোচনায়
শুধু পিয়াই নন, অভিনেতা জীতু কমলের কাছেও নাকি বিগ বসের অফার গিয়েছে। প্রাথমিক পর্যায়ে তিনি এতে সম্মতি না দিলেও, শেষ পর্যন্ত তিনি মত বদলান কি না, সেটাই দেখার। পাশাপাশি, অভিনেতা সৌরভ দাসও এই শোয়ের প্রস্তাব পেয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী এক মাস এই তারকাদের ঘিরে চর্চা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোন কোন তারকা বিগ বসের মূল দরজাদিয়ে ঘরের ভেতর পা রাখছেন, তা একমাত্র জানতে পারবেন খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকেই। বাকি সমস্ত তথ্য আপাতত শুধুই জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *