শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত! ১ অগস্ট থেকে কোন কোন স্টেশনে থামবে না ট্রেন? জানুন

শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল (AC Local Train) চালু হওয়ার পর থেকেই নিত্যযাত্রীদের মধ্যে এই ট্রেনের জনপ্রিয়তা ও চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতে এবং চাহিদার ওপর ভিত্তি করে মাঝেমধ্যেই ট্রেনের স্টপেজে বিভিন্ন পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি পরীক্ষামূলকভাবে কয়েকটি অতিরিক্ত স্টেশনে এই এসি লোকাল থামানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রায়ালের ফলাফল এবং যাত্রী সংখ্যার পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান খতিয়ে দেখার পর এবার স্টপেজ তালিকায় বড়সড় রদবদল করল পূর্ব রেল।
যে দুটি স্টেশনে আর থামবে না এসি লোকাল:
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রী সংখ্যার হাড় ও চাহিদার কথা মাথায় রেখে আগামী ১ অগস্ট থেকে জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে আর দাঁড়াবে না আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। রেলের দাবি, এই দুই স্টেশনে এসি লোকালের ক্ষেত্রে প্রত্যাশিত সংখ্যক যাত্রীর দেখা মিলছিল না, যার ফলেই এই স্টপেজগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোথায় বহাল থাকছে পরীক্ষামূলক স্টপেজ?
গত ১৫ জুন থেকে পরীক্ষামূলকভাবে শিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল এবং ইছাপুর—এই মোট পাঁচটি অতিরিক্ত স্টেশনে এসি লোকাল থামানো শুরু হয়েছিল। ৩১ জুলাই পর্যন্ত এই পরীক্ষামূলক ব্যবস্থা চলার কথা ছিল। তবে পর্যালোচনার পর রেল জানিয়েছে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত শিমুরালি, হালিশহর এবং ইছাপুর স্টেশনে আপ ও ডাউন এসি লোকালের স্টপেজ পরীক্ষামূলকভাবে চালু রাখা হবে। এই নির্দিষ্ট সময়সীমায় ওই স্টেশনগুলিতে যাত্রীদের সাড়া এবং টিকিটের বিক্রির হার খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে আরও জানা গেছে, কোন স্টেশনে কেমন ভিড় হচ্ছে বা কোথায় যাত্রীদের প্রকৃত চাহিদা বেশি, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে এই এসি লোকালগুলির রুট ও স্টপেজ চূড়ান্ত করা হবে। ফলে নিয়মিত যাত্রীদের ট্রেন ধরার আগে নতুন সময়সূচী ও স্টপেজ তালিকা একবার দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।