“চোখে চশমা ছিল না, অজুহাত দিলেও কেউ বিশ্বাস করবে না!” শ্রীলেখাকে নিয়ে বিস্ফোরক কনীনিকা

কলকাতার একটি প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত কার্টুন বা ছবিযুক্ত পোস্টার হাতে নিয়ে পোজ দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় থাম নামই নিচ্ছে না। টলিপাড়ার একাধিক তারকা ইতিমধ্যেই শ্রীলেখা মিত্রের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। এক সাক্ষাৎকারে শ্রীলেখার এই কাণ্ডকে সোজাসাপ্টা ‘নির্বুদ্ধিতা’ বলে আক্রমণ করেছেন তিনি।

দিল্লিতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার ‘ককরোচ জনতা পার্টি’ ও বামেদের মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। সেই মিছিল থেকেই অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে চরম অসন্তোষ তৈরি হয়।

শ্রীলেখার সাফাইকে উড়িয়ে দিলেন কনীনিকা:
ঘটনার পর শ্রীলেখা দাবি করেছিলেন যে, চোখে চশমা না থাকায় তিনি পোস্টারের বিষয়টি খেয়াল করেননি এবং ভুলবশত তা হাতে তুলে নিয়েছিলেন। তবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই সাফাইকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, একজন পাবলিক ফিগার হয়ে কীভাবে এই ধরনের কাজ করা সম্ভব? শ্রীলেখার এই অজুহাত কেউ বিশ্বাস করবে না বলেই তাঁর দাবি।

কী বললেন কনীনিকা?
শ্রীলেখার প্রতি নিজের ব্যক্তিগত শ্রদ্ধার কথা জানিয়েও কনীনিকা বলেন, “আমি ওঁকে ভালোবাসি। উনি আমার সিনিয়র, ওঁর বক্তব্যকে অতীতে সমর্থনও করেছি। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, তা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে। প্রধানমন্ত্রী হোন বা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের সাংবিধানিক প্রধানদের সম্মান দেওয়া আমাদের সকলের কর্তব্য। আমরা স্কুলে সেটাই শিখে বড় হয়েছি। বাচ্চাদের মতো এই ধরনের ছবি নিয়ে এসব করা যায় না।”

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের প্রশংসা করে কনীনিকা বলেন, “এসব করে নরেন্দ্র মোদীর কিচ্ছু যায় আসবে না। টানা ১৫ বছর ধরে তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশটাকে তো কোথাও একটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সব সমস্যা সমাধান করা রাতারাতি সহজ নয়।”

‘আমাদের ইন্ডাস্ট্রি এটা নয়’:
ছাত্রদের ওপর লাঠিচার্জের প্রতিবাদকে সমর্থন জানালেও তার ভাষা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কনীনিকা। তিনি বলেন, “বাচ্চাদের ওপর লাঠিচার্জ ভুল, প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। আমি কখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও অপমান করার কথা ভাবতে পারিনি। কারণ এঁদের তো আমরাই ভোট দিয়ে নির্বাচিত করেছি।” পরিশেষে তিনি কড়া ভাষায় বলেন, শ্রীলেখা ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ হলেও টলিউড বা বাংলার সংস্কৃতি এই ধরনের আচরণকে সমর্থন করে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *