“আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়…” লক আপের মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শিন্ডে!

জনপ্রিয় রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে নিজের ব্যক্তিগত জীবনের এক মর্মান্তিক অধ্যায় শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। শো চলাকালীন নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে অভিনেত্রী জানান, কীভাবে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে নিজের ঘরের লোকরাই তাঁকে কোণঠাসা করে দিয়েছিলেন।

এদিন প্রকাশ্যে নিজের গোপন কষ্টের কথা ফাঁস করে শিল্পা বলেন, “সবাই নিজেদের পরিবারের কথা বলেন, কিন্তু কারও কারও পরিবার থাকলেও তা আদতে থাকে না। আমি এখানে কারও থেকে কোনো সিম্প্যাথি বা সহানুভূতি চাই না। আমি এখানে যখনই আসি, কোনো শেল্টার হাউসে থাকি। এখন সেটাই আমার আসল বাড়ি হয়ে উঠেছে, বলা চলে মুম্বই প্রায় ছেড়েই দিয়েছি।”

পরিবারের সঙ্গে দূরত্বের নেপথ্যে কী কারণ ছিল, তা খোলাসা করতে গিয়ে অভিনেত্রী জানান, প্রায় তিন বছর আগে তাঁর কাঁধে একটি বড় সার্জারি হয়েছিল। সেই কঠিন সময়ে তাঁর ভাইকে প্রভাবিত করে তার স্ত্রী এবং মাকে প্রভাবিত করে ভাই স্বয়ং। সার্জারির ঠিক পাঁচ দিনের মাথায় তাঁকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করা হয়।

এই প্রসঙ্গে শিল্পার সংযোজন, “ওরা আমাকে সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে বের করেনি, কিন্তু পরিস্থিতি এমন করে তুলেছিল যে আমি নিজেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। রাত ১১টা নাগাদ আমি সেই ঘর ছাড়ি, অথচ আমার মা একবারের জন্যও আমাকে আটকাননি। আজ পরিবারের কাছে আমি একটা পাপসের মতো হয়ে গেছি।” শিল্পার এই চাঞ্চল্যকর ও আবেগঘন স্বীকারোক্তি শোনার পর থেকেই বিনোদন জগতে ও অনুরাগীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *