উপকূল ছুঁল গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা

দেশজুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে দেশের বিভিন্ন প্রান্তে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি-এনসিআর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং অসমেও মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাব
আইএমডি-র (IMD) আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি মঙ্গলবার সকালে দীঘা ও হলদিয়ার মাঝের অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সুখবর হলো, আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো ভারী বৃষ্টি বা ঝড়ের সতর্কতা নেই, ধীরে ধীরে আবহাওয় উন্নতি হবে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করলেও ঠিক উলটো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সমুদ্রের উপকূলে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে আজ সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতার আজকের আবহাওয়া
আজ সারাদিন তিলোত্তমা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় এক বা দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সারাদিন বজায় থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস

আপেক্ষিক আর্দ্রতা: ৭৭% থেকে ৯৬%

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ৬.৮ মিলিমিটার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *