স্বামীর চেয়ে স্ত্রীর বেতন বেশি! ১ লক্ষ টাকার খোরপোষের দাবি কোর্টে টিকল না, জানুন হাইকোর্টের বড় রায়

স্বামীর তুলনায় নিজের আয় বেশি হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী ভরণপোষণের আবেদন করেছিলেন এক মহিলা। কিন্তু সেই আর্জি সম্পূর্ণ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, বিদেশে জীবনযাত্রার খরচ বেশি—শুধুমাত্র এই যুক্তিতে ভরণপোষণের দাবি করা যায় না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি (IT) ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ক্রমবর্ধমান প্রভাবের কারণে আগামী দিনে স্বামীর চাকরিও ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে একা সমস্ত দায়িত্ব স্বামীর পক্ষে নেওয়া সম্ভব নয়।

বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের ডিভিশন বেঞ্চ ওই মহিলার মাসিক ১ লক্ষ টাকা অন্তর্বর্তী ভরণপোষণের আবেদন খারিজ করে দেয়।

মামলার পটভূমি ও আয়ের ফারাক
মামলার নথি অনুযায়ী, আবেদনকারী ওই মহিলা ২০১১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। তিনি দিল্লিভিত্তিক একটি আইটি সংস্থা ‘মার্ক ইনফোটেক’-এ কর্মরত এবং তাঁর মাসিক আয় প্রায় ৮ লক্ষ টাকা (প্রায় ৮,৭০০ মার্কিন ডলার)। অন্যদিকে, তাঁর স্বামীও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই যুক্ত থাকলেও তাঁর আয় স্ত্রীর তুলনায় অনেকটাই কম।

পারিবারিক বিরোধের জেরে এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বর্তমানে তাঁদের দুই সন্তানের মধ্যে বড় সন্তান বাবার কাছে এবং ছোট সন্তান মায়ের কাছে রয়েছে। এর আগে পারিবারিক আদালত মহিলার অন্তর্বর্তী ভরণপোষণের আবেদন খারিজ করে দিলেও মামলা খরচ বাবদ ২৫ হাজার টাকা স্বামীকে দেওয়ার নির্দেশ দিয়েছিল। পারিবারিক আদালতের সেই রায়কেই চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। কিন্তু হাইকোর্টও সেই আবেদন খারিজ করে পারিবারিক আদালতের সিদ্ধান্তই বহাল রাখল।

আদালতের পর্যবেক্ষণ
আদালত জানিয়েছে, বর্তমান তথ্যপ্রযুক্তি শিল্পে প্রতিযোগিতা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও মাথাচাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে স্বামীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

যেহেতু স্ত্রী নিজেই মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন, তাই স্বামীর কাছ থেকে অতিরিক্ত অন্তর্বর্তী ভরণপোষণ দাবি করার যথেষ্ট আইনি ভিত্তি খুঁজে পায়নি আদালত। বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এমন পরিস্থিতিতে স্বামীর ঘাড়ে অতিরিক্ত আর্থিক দায় চাপানোর কোনো যুক্তিই চলে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *