বসিরহাটে ধুন্ধুমার! কাটমানি ও দুর্নীতির অভিযোগে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে ভাঙচুর, স্বামীকে মারধর

সরকারি আবাস যোজনার টাকা আত্মসাৎ ও কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বসিরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ড। বুধবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর অদিতি মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। অভিযোগের তির কাউন্সিলারের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা জগন্নাথ মণ্ডলের বিরুদ্ধে। ক্ষিপ্ত জনতা তাঁকে মারধর করেন এবং কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোড়েন বলে অভিযোগ।

বিক্ষোভের নেপথ্যে কী?
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরিব মানুষকে পাকা বাড়ি দেওয়ার নাম করে মোটা অঙ্কের কাটমানি নিয়েছেন কাউন্সিলর ও তাঁর স্বামী। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ সামগ্রী, ক্ষতিপূরণ এবং করোনাকালীন সরকারি অর্থও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হতো বলেও অভিযোগ বাসিন্দাদের।

বিক্ষোভকারীদের দাবি:
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ২০১৫ সাল থেকে একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতি চলছে। স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল বলেন, “কাউন্সিলার ও তাঁর স্বামী গরিবের টাকা লুটেছে। আমরা চাই জনগণের টাকা অবিলম্বে ফেরত দেওয়া হোক।” আরেক আন্দোলনকারী মাম্পি মণ্ডলের কথায়, “চার-পাঁচ বছর ধরে বাবার নামে ঘর বরাদ্দ হয়েও আমরা পাইনি। আমাদের টাকা সুদ-সহ ফেরত দিতে হবে।”

ঘটনাস্থলে পুলিশি অভিযান:
তীব্র উত্তেজনা ও ভাঙচুরের খবর পেয়ে তড়িঘড়ি বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় কাউন্সিলারের স্বামীকে উদ্ধার করে। বর্তমানে পুরো এলাকা থমথমে। পুনরায় অশান্তি এড়াতে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাউন্সিলারের বাড়িতে এই হামলার ঘটনায় স্থানীয় রাজনীতিতে চরম অস্বস্তি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *