এবার মদন মিত্রের অন্দরমহলে ইডির হানা! স্ত্রী ও দুই ছেলেকে তলব সিজিও কমপ্লেক্সে, কোন তথ্যে কাঁপছে ওহ লাভলি?

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার আরও একধাপ এগোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার আর শুধু নেতারা নন, তদন্তের আঁচ সরাসরি গিয়ে পৌঁছাল কামারহাটির হেভিওয়েট বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) অন্দরমহলে। ইডি সূত্রে খবর, এবার পুরনিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে খোদ মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই মেগা তলবের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
কেন তলব করা হলো মদনের পরিবারকে?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতি মামলার জল যত দূর গড়িয়েছে, ততই নিত্যনতুন আর্থিক লেনদেনের তথ্য সামনে আসছে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি বেশ কিছু সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেনের নথিতে মদন মিত্রের পরিবারের সদস্যদের নাম ও যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। নিয়োগ দুর্নীতির কালো টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল, কিংবা এর সাথে কোনও বেনামি সম্পত্তির লেনদেন জড়িয়ে রয়েছে কি না— সেই সমস্ত ধোঁয়াশা কাটাতেই বিধায়কের স্ত্রী ও ছেলেদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। তবে এই হাইভোল্টেজ তলব নিয়ে এখনও পর্যন্ত মদন মিত্র কিংবা তাঁর পরিবারের তরফ থেকে কোনও অফিশিয়াল প্রতিক্রিয়া মেলেনি।
এর আগেও চলেছে ম্যারাথন তল্লাশি
উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে ঘিরে ইডি ও সিবিআই-এর তৎপরতা নতুন নয়। গত জুন মাসেও ইডির আধিকারিকরা একযোগে বিধায়কের একাধিক ডেরায় ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছিলেন। কলকাতা এবং শহরতলির মোট ৭টি জায়গায় একযোগে হানা দিয়েছিল ইডি। যার মধ্যে ছিল মদন মিত্রের ভবানীপুর ও কালীঘাটের বাড়ি। এছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটার বিভিন্ন ঠিকানাতেও চিরুনি তল্লাশি চালান তদন্তকারীরা। সেই সময় বাড়িগুলি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডায়েরি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল বলে সূত্রের খবর।
ইডি-র আগে হানা দিয়েছিল সিবিআই-ও
শুধু ইডি নয়, একই মামলার তদন্তে গত বছরের অক্টোবর মাসে সক্রিয় ভূমিকা নিয়েছিল সিবিআই (CBI)-ও। গত বছর সিবিআই আধিকারিকরা মদন মিত্রের বাড়িতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি ও নথিপত্র পরীক্ষা করেছিলেন।
প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক বড় মাপের নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তবে এবার সরাসরি মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করার ঘটনায় স্পষ্ট যে, তদন্তকারী সংস্থাগুলি এবার আরও কোমর বেঁধে নেমেছে এবং তদন্ত একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।