‘মাস্টারমশাই, আপনি কিন্তু…’! আচমকা হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, হাসপাতালে ছুটলেন শুভ্রজিৎ

বাংলা অভিনয় জগতের অন্যতম এক স্তম্ভ, বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। শনিবার সকালে আচমকাই হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় আপাতত কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই দাপুটে অভিনেতা। তাঁর অসুস্থতার খবর চড়িয়ে পড়তেই টলিউড জুড়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমন্তবাবুর শারীরিক অবস্থা খতিয়ে দেখে দ্রুত তাঁর ‘অ্যাঞ্জিওগ্রাফি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকালে ঠিক কী ঘটেছিল?
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নিজের বাড়িতেই আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন বর্ষীয়ান অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হতে দেখে কালবিলম্ব না করে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।
“মণ্টুকাকা আমার পিতৃসম…” কান্নাভেজা গলায় জানালেন শুভ্রজিৎ
সুমন্ত মুখোপাধ্যায়ের এই আকস্মিক অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে জানান ছোট এবং বড়পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ দত্ত। মঞ্চ ও পর্দার এই দাপুটে অভিনেতার অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন শুভ্রজিৎ। আবেগঘন গলায় তিনি বলেন,
“মণ্টুকাকা (সুমন্ত মুখোপাধ্যায়) আমার পিতৃসম। কিছুদিন আগেই আমি আমার নিজের বাবাকে হারিয়েছি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ওঁর এই অসুস্থতার খবর পেয়ে মনটা আবার ভারী হয়ে উঠেছে।”
‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি…’
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খলনায়কের সংজ্ঞাকে এক ধাক্কায় বদলে দিয়েছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। ১৯৮৬ সালে প্রখ্যাত পরিচালক তপন সিংহের কালজয়ী ছবি ‘আতঙ্ক’-এ ‘মিহির সামন্ত’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর মুখে বলা সেই অমোঘ সংলাপ— “মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি”, আজও বাঙালির মনে সমানভাবে প্রাসঙ্গিক এবং চিরস্মরণীয়। মঞ্চ থেকে রূপোলি পর্দা কিংবা মেগা সিরিয়াল— সর্বত্রই নিজের দাপুটে অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি।