তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা! হাই কোর্টে জোরালো সওয়াল, বিচারপতি বললেন ‘আকাশ ভেঙে পড়বে না!’

তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত আর্জি জানিয়েছিলেন, বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি উপস্থিত থাকায় যেন আজই মামলাটি শোনা হয়। তবে আদালত সেই আর্জি গ্রহণ করেনি।

হাইকোর্টের মন্তব্য:
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, মামলাটির শুনানি বৃহস্পতিবার হবে। তৃণমূলের আইনজীবীর উদ্দেশে বিচারপতি কড়া সুরে বলেন, “এক দিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” সলিসিটর জেনারেলের আবেদনের ভিত্তিতেই আদালত এই দিন ধার্য করেছে।

গত শুনানিতে আদালতের পর্যবেক্ষণ:
গত মঙ্গলবার এই মামলার শুনানিতেই অভিযোগ দায়েরের সময়সীমা নিয়ে বড় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। তিনি বলেন, “অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযোগ দায়ের হয়, আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানায় অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অভিযোগের আগে ওই অ্যাকাউন্ট নিয়ে কোনো অপরাধের নির্দিষ্ট অভিযোগ ছিল না। তাহলে হঠাৎ পুলিশ অভিযোগের পরেই কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি অ্যাকাউন্ট ফ্রিজের পথে গেল?”

তৃণমূল বনাম আইনি জটিলতা:
গত শুনানিতে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি সরব হয়ে প্রশ্ন তুলেছিলেন, “পুলিশ কি একটি রাজনৈতিক দলকে এভাবে তাদের লাইফলাইন বন্ধ করে পঙ্গু করে দিতে পারে?” এই পুরো ঘটনায় শরৎ বোস রোডের সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য শোনা জরুরি।

এই মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য আজ আদালতে পেশ করার কথা ছিল। আদালত জানিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত রিপোর্ট বৃহস্পতিবারই পেশ করতে হবে। এখন সব নজর বৃহস্পতিবারের এই হাই-ভোল্টেজ শুনানির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *