স্কুল-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়! বড় ঘোষণা শুভেন্দুর

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাংলার পাঠ্যবইয়ে যুক্ত হতে চলেছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সিলেবাসে ঠাঁই পাবে তাঁর জীবনী ও অবদান। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দীর্ঘদিন ধরেই বিজেপি নেতা-মন্ত্রীদের তরফে দাবি তোলা হচ্ছিল যে, বাংলার ইতিহাসের পাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ও পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপটকে যথাযথ গুরুত্ব দেওয়া হোক। সেই দাবি মেনেই এবার পাঠ্যক্রমে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করলেন শুভেন্দু অধিকারী।

কী কী থাকছে পাঠ্যবইয়ে?
সোমবার মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা এবং বিশেষ করে এই পবিত্র ভূমিকে ভারতমাতার চরণে আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টি বর্তমান প্রজন্মকে জানাতে হবে।”

তিনি আরও জানান, কেবল রাজনীতি নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রসারে শ্যামাপ্রসাদের যে অসামান্য অবদান রয়েছে, তাও সিলেবাসের অংশ করা হবে। তাঁর মতে, স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শ্যামাপ্রসাদের কর্মকাণ্ড পাঠ্যবইয়ে মুদ্রিত, পঠিত ও চর্চিত হওয়া অত্যন্ত জরুরি।

মিত্র ইনস্টিটিউশনের জন্য বড় অনুদান
এদিন শুভেন্দু অধিকারী শুধু পাঠ্যক্রমের ঘোষণা করেই থেমে থাকেননি, শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত মিত্র ইনস্টিটিউশনের ভগ্নপ্রায় অবস্থার কথা উল্লেখ করে বড় ঘোষণা করেন। তিনি জানান, এলাকার বিধায়ক হিসেবে স্কুলটির দায়িত্ব এখন তাঁর। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে একটি লাইব্রেরি তৈরি করার কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *