সারেগামাপার নতুন চ্যাম্পিয়ন আয়ুষ গুপ্ত! হাওড়ার সৃজন ও সুভাষগ্রামের গীতশ্রীকে হারিয়ে বাজিমাত ইসলামপুরের ছেলের

দীর্ঘ আট-নয় মাসের সুরের লড়াইয়ের সফল পরিসমাপ্তি ঘটল রবিবার। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে বিচারক ও দর্শকদের মন জয় করে চ্যাম্পিয়ন হলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা আয়ুষ গুপ্ত। ট্রফির পাশাপাশি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৬ লক্ষ টাকা, একটি গাড়ি এবং সোনার গয়না। এছাড়াও দর্শকদের ভোটে তিনি জিতে নিয়েছেন ‘ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড’।

ফাইনালে সেরা তিন:
টানটান উত্তেজনার এই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুভাষগ্রামের গীতশ্রী চৌধুরী। তৃতীয় হয়েছেন হাওড়ার আন্দুলের সৃজন পোড়েল। এছাড়াও ‘মোস্ট স্টাইলিশ পারফর্মার’-এর শিরোপা উঠেছে সায়ন্তনী ঘোষের মাথায়।

তারকায় ঠাসা ফিনালে:
ফাইনালের মঞ্চ ছিল যেন চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে জি বাংলার জনপ্রিয় তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল ঘোষকে গানে অনুরাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে জানান, বাড়িতে তাঁর গান গাওয়া নিষিদ্ধ, তাই তিনি কেবল গান দেখতেই পছন্দ করেন। উল্লেখ্য, ২০২৪-এ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার পর, ২০২৬-এ বিপুল ভোটে জয়ী হয়ে বরানগর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন সজল ঘোষ।

নতুন চমক ও রদবদল:
সারেগামাপার সফর শেষ হতেই এবার দর্শকদের নজর ‘দাদাগিরি’-র দিকে। সূত্রের খবর, আগামী অগস্ট মাস থেকে নতুন সিজন অন-এয়ার হতে চলেছে। আর এবারের সবচেয়ে বড় চমক সঞ্চালকের ভূমিকায় অভিনেতা দেবের আবির্ভাব। অন্যদিকে, জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-এও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন ‘দিদি’ হিসেবে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

সারেগামাপার মঞ্চ থেকেই এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একঝাঁক নতুন প্রতিভাবান গায়কের উত্থান এবং জনপ্রিয় শো-গুলিতে নতুন সঞ্চালকের আসা—এই দুই মিলিয়ে জি বাংলার রিয়েলিটি শো-এর দুনিয়ায় এখন পরিবর্তনের হাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *