ভারতের বড় ঘোষণা: অবশেষে খুলছে পর্যটন ভিসা, ২৮ জুন থেকে চালু পরিষেবা!

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন সমীকরণে বড় চমক। নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাংলাদেশিদের জন্য সুখবর শোনালেন দীনেশ ত্রিবেদী। আগামী ২৮ জুন থেকেই দীর্ঘ প্রতীক্ষিত ভারতের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা পরিষেবা ফের চালু হতে চলেছে।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর, ঢাকার যমুনা ফিউচার পার্কে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন নবনিযুক্ত হাই কমিশনার। তিনি জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা—দেশের প্রতিটি ভারতীয় ভিসা কেন্দ্র থেকে একযোগে পর্যটন ভিসা প্রদানের কাজ শুরু হবে।

কেন এই সিদ্ধান্ত? দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও মজবুত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নাগরিকদের যাতায়াতে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা প্রত্যক্ষ করেছেন দীনেশ ত্রিবেদী। সেই অভিজ্ঞতা থেকেই ভিসা পরিষেবা স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন তিনি।

দুই বছরের অপেক্ষার সমাপ্তি ২০২৪ সালের ৫ অগাস্টের গণ-অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের পর্যটন ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। প্রায় দুই বছরের এই অচলাবস্থায় সাধারণ পর্যটক থেকে শুরু করে চিকিৎসাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। এই ঘোষণার ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ফের গতি পাবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

উল্লেখ্য, ভারত সরকারের পক্ষ থেকে দীনেশ ত্রিবেদীকে বিশেষ গুরুত্ব দিয়ে ‘ক্যাবিনেট মন্ত্রী’র মর্যাদা প্রদান করা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *