শিক্ষকদের ২,০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি, ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং এসএসিটি (SACT) বা কলেজ শিক্ষকদের জন্য পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ বৃহস্পতিবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে তিনি জানান, এই শিক্ষকদের মাসিক বেতন ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

বেতন ও ডিএ নিয়ে বড় ঘোষণা দীর্ঘদিন ধরে চলা দাবি পূরণ করে অর্থমন্ত্রী জানান, এসএসিটি এবং ভোকেশনাল শিক্ষকদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক ডিএ বৃদ্ধির যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারি কর্মীদের ক্ষোভ এবং বকেয়া ডিএ-র সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “সরকারি কর্মীদের ক্ষোভ ছিল, একটা রাজ্য এভাবে চলতে পারে না। আমরা চাই সরকারি কর্মীরা আমাদের সঙ্গেই থাকুন।”

অন্নপূর্ণা যোজনা বনাম লক্ষ্মীর ভাণ্ডার বাজেট পেশের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে অর্থমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন, কিন্তু অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র তাদের জন্যই যাদের সত্যিই সহায়তা প্রয়োজন।” চাহিদাকেই এই প্রকল্পের মাপকাঠি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

‘পশ্চিমবঙ্গ ফের জেগে উঠেছে’ রাজ্যের সামগ্রিক উন্নয়নকে লক্ষ্য হিসেবে নিয়ে অর্থমন্ত্রী জানান, তাঁদের মূল উদ্দেশ্য কলকাতাকে নতুন দিশা দেখানো। তিনি বলেন, “অনেকে কলকাতাকে বৃদ্ধদের শহর মনে করছিলেন, অনেকে রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন। আমরা সেই ছবি বদলে নতুন আশা সঞ্চার করতে চাইছি। সব আবেদন হয়তো এক বাজেটে মেটানো সম্ভব নয়, কিন্তু আমরা সারা দেশকে দেখাতে চাই পশ্চিমবঙ্গ ফের জেগে উঠেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *