তমান্নার মৃত্যুর এক বছর পর বড় অ্যাকশন! শুভেন্দুর সাথে দেখা করতেই গ্রেফতার ২, মুখ খুললেন শোকাতুর মা

তৃনমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার ঘটনায় ছয় বছরের শিশু তামান্নার মর্মান্তিক মৃত্যুর এক বছর পূর্ণ হলো মঙ্গলবার। তামান্নার মৃত্যুর বিচারের দাবিতে এদিন আন্দোলনের এক অন্য চিত্র দেখা গেল। নিহতের পরিবার এবং অন্যান্য ভুক্তভোগীরা সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। আর এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই তামান্না হত্যা মামলায় নয়া মোড় এল। মঙ্গলবার রাতেই পুলিশি অভিযানে গ্রেফতার করা হলো ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্তকে।

কী ঘটেছিল মঙ্গলবার?
মঙ্গলবার ছিল তামান্নার মৃত্যুবার্ষিকী। এদিন তামান্নার মা সাবিনা ইয়াসমিন এবং আনিস খানের বাবার মতো কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সুবিচারের আর্জি জানান। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং বিচারের প্রতিশ্রুতি দেন। সূত্রের খবর, এই বৈঠকের পরেই পুলিশ সক্রিয় হয় এবং কালিগঞ্জ থানার পুলিশ গোপন ডেরায় হানা দিয়ে অভিযুক্ত সাবির শেখ ও জিয়ারুল শেখকে গ্রেফতার করে।

মামলার বর্তমান পরিস্থিতি
ঘটনার পর সাবিনা ইয়াসমিন যে অভিযোগ দায়ের করেছিলেন, তাতে ২৪ জনের নাম ছিল। এতদিন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে দুই অভিযুক্ত ধরা পড়ায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। ধৃতদের আজ বুধবার আদালতে পেশ করা হবে।

কি বললেন তামান্নার মা?
টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিন বলেন, “আমাদের শুভেন্দু স্যর সময় দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী যে এত শান্ত হয়ে আমার মতো সাধারণ মানুষের কথা শুনলেন, তার জন্য ওঁকে অশেষ ধন্যবাদ। আমি বাড়িতে পৌঁছানোর আগেই তিনি অ্যাকশন নিয়েছেন। আমার ভরসা ছিল, সরকার আমাদের বিচার দেবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তিনি সময় দেননি। তৃণমূলের কোনো নেতাই আমাদের ডাকেননি।”

রাজনৈতিক মহল মনে করছে, তামান্নার মায়ের এই মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুলিশের দ্রুত পদক্ষেপ বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *