ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR, তোলপাড় টালিগঞ্জ

ভোট পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় করা একটি পুরনো পোস্ট ঘিরে আইনি বিপাকে জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তাঁদের করা একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি গড়িয়াহাট থানায় FIR দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে ১৫৩এ ধারাটি জামিন অযোগ্য।
কী ছিল সেই বিতর্কিত পোস্ট?
অভিযোগ, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিকেলে পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” এই পোস্টে সম্মতি জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, “হোক হোক।” দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এই পোস্টের স্ক্রিনশট সামনে আনলে নতুন করে বিতর্ক দানা বাঁধে। এরপর জয়দীপ সেন নামে এক আইনজীবী গড়িয়াহাট থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন।
কেন এখন এই আইনি পদক্ষেপ?
২০২১ সালে তৃণমূল সরকারের জয়ের পর করা এই পোস্ট নিয়ে এখনকার রাজনৈতিক আবহে তীব্র চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই টালিগঞ্জের শিল্পীদের একাংশের এই বিপরীতমুখী অবস্থান বা ‘সুর বদল’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে তৃণমূল সরকারের সমালোচনা করতে শোনা গেছে পরমব্রতকে, অথচ এক সময় শাসকদলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এই অবস্থান পরিবর্তনই কি আইনি বিপত্তির নেপথ্যে?—সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
তদন্তে গড়িয়াহাট থানা:
পুলিশ সূত্রে খবর, যেহেতু বিষয়টি ২০২১ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে, তাই ভারতীয় ন্যায়সংহিতার পরিবর্তে সে সময়ের কার্যকর আইন অনুযায়ী ভারতীয় দণ্ডবিধিতেই মামলাটি দায়ের করা হয়েছে। শিল্পীমহলে এই এফআইআর ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযুক্ত তারকাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।