. ভ্যাপসা গরম থেকে মুক্তি? অবশেষে সুখবর শোনাল আবহাওয়া অফিস, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি?

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল বঙ্গবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা ছিল জনজীবনের। তবে সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই পুরোপুরি অস্বস্তি কাটছে না।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে—বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

কালবৈশাখীর সতর্কতা: বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানের মতো জেলাগুলোতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার সম্ভাবনা প্রবল। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির দাপট: দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের চিত্রটা অনেকটাই আলাদা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি হতে পারে। সোমবার কিছুটা কমার ইঙ্গিত থাকলেও, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে।