ভোররাতে অঘটন! মাত্র ৩৮ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অখিলেশের ভাই প্রতীক যাদব

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের পরিবারে শোকের ছায়া। মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদব। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পেশায় ব্যবসায়ী ও ফিটনেস বিশেষজ্ঞ প্রতীক ছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী অপর্ণা যাদবের স্বামী। তাঁর আকস্মিক মৃত্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোকপ্রকাশ করেছেন।
হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু
সিভিল হাসপাতালের ডিরেক্টর জিপি গুপ্তা জানান, বুধবার ভোর ৫টা নাগাদ প্রতীকের অসুস্থতার খবর পায় হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি একটি চিকিৎসক দল তাঁর বাড়িতে পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় প্রতীকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ভোর সাড় ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
দিন কয়েক আগেই ফিরেছিলেন হাসপাতাল থেকে
জানা গিয়েছে, গত সপ্তাহেও শারীরিক অসুস্থতার কারণে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন প্রতীক। সেই সময় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অখিলেশ যাদব এবং ডিম্পল যাদব। চিকিৎসায় সাড়া দেওয়ায় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় কয়েকদিন আগে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু বুধবার ভোরে আচমকা পরিস্থিতি বিগড়ে যায়।
রাজনীতি থেকে দূরে, জিম ও ফিটনেস ছিল ধ্যানজ্ঞান
মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে প্রতীক সম্পর্কে অখিলেশ যাদবের ছোট ভাই। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা প্রতীক পরিচিত ছিলেন তাঁর ফিটনেস প্রেমের জন্য। ২০১৬ সালে লখনউতে প্রথম জিম খোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর শরীরচর্চার ভিডিও প্রায়ই ভাইরাল হতো।
২০১১ সালে অপর্ণা যাদবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২২ সালে অপর্ণা বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিকভাবে দুই মেরুতে থাকলেও পারিবারিক যোগাযোগ ছিল অটুট। তবে সাম্প্রতিককালে তাঁদের সম্পর্কের টানাপোড়েন এবং বিবাহ বিচ্ছেদের ঘোষণাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন প্রতীক। এই প্রতিভাবান তরুণের অকালপ্রয়াণে রাজনৈতিক মহলের পাশাপাশি শোকস্তব্ধ লখনউয়ের ক্রীড়া ও ফিটনেস দুনিয়া।