মৌনীর টাকা হাতানোর ছক! দুবাইয়ের স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভাঙছে ৩ বছরের সাজানো সংসার?

গোয়ার সমুদ্রসৈকতে মালায়ালি এবং বাঙালি রীতির সেই রূপকথার বিয়ে কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে এখন শুধুই বিচ্ছেদের সুর। দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ার এবং বলিউডের ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের চার বছরের সাজানো সংসারে কি তবে ইতি পড়তে চলেছে? মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠেছে, তাতে স্পষ্ট ইঙ্গিত—মৌনী ও সুরজের সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে।
ইনস্টাগ্রামে বিচ্ছেদের ইশারা
কথায় আছে, ‘আগুন না লাগলে ধোঁয়া ওঠে না’। আর এই আগুনের সূত্রপাত হয়েছে ইনস্টাগ্রামে। নেটিজেনরা লক্ষ্য করেছেন, মৌনী এবং সুরজ একে অপরকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, সুরজ তাঁর প্রোফাইল থেকে বিয়ের অধিকাংশ ছবি ডিলিট বা আর্কাইভ করে ফেলেছেন। বর্তমান সময়ে সেলেব্রিটিদের বিচ্ছেদের প্রথম সংকেত আসে এই সোশ্যাল মিডিয়া থেকেই। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—সবকিছু কি তবে শেষ?
টাকা হাতানো ও খ্যাতির লোভে প্রতারণা?
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মৌনী এবং সুরজ এখন আর এক ছাদের তলায় থাকছেন না। তাঁরা ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো সুরজের বিরুদ্ধে ওঠা অভিযোগ। সূত্রের খবর, সুরজ নাকি স্রেফ খ্যাতির নেশায় মৌনীকে ব্যবহার করেছেন। বলিউডে নিজের পরিচিতি বাড়ানোর জন্য মৌনীর নামকে ঢাল হিসেবে ব্যবহার করার পাশাপাশি অভিনেত্রীর উপার্জিত অর্থ নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেছেন বলেও অভিযোগ উঠেছে। ঘনিষ্ঠ মহলের দাবি, মৌনীকে স্রেফ একটি ‘মই’ হিসেবে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করেছেন সুরজ।
কে এই সুরজ নাম্বিয়ার?
ব্যাঙ্গালোর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার পর সুরজ দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে পরিচিত হন। বিয়ের সময় শোনা গিয়েছিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। ২০১৯ সালে দুবাই ট্রিপে মৌনীর সঙ্গে তাঁর প্রেম শুরু এবং ২০২২ সালের ২৭ জানুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন প্রশ্ন উঠছে, যাঁর নিজের এত সম্পত্তি, তিনি কেন মৌনীর অর্থ ব্যবহার করবেন? যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনও মেলেনি।
২০২১-এর করোনা অতিমারির সময় দীর্ঘ সময় দুবাইয়ে সুরজের সঙ্গে কাটিয়েছিলেন মৌনী। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সাফল্যের পর কেরিয়ারের মধ্যগগনে থাকা মৌনী কি তবে ব্যক্তিগত জীবনে চরম প্রতারণার শিকার হলেন? উল্লেখ্য, এই সমস্ত খবরই বিভিন্ন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে পাওয়া। মৌনী বা সুরজ এখনও পর্যন্ত বিচ্ছেদ বা এই গুরুতর অভিযোগগুলো নিয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। তবে ইনস্টাগ্রামের রহস্যময় গতিবিধি যদি সত্যি হয়, তবে বলিউডের আরও একটি সুখী গৃহকোণ অকাল বিচ্ছেদের সাক্ষী হতে চলেছে।