রেকর্ড সময়ে মাধ্যমিকের ফলাফল! ওয়েবসাইট থেকে অ্যাপ, মোবাইল ফোনে রেজাল্ট দেখবেন যেভাবে

লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎকণ্ঠার অবসান ঘটছে আজ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2026) প্রকাশ করতে চলেছেন। সাংবাদিক বৈঠকের মাধ্যমেই মেধাতালিকায় থাকা কৃতী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করবেন তিনি।
কখন এবং কীভাবে দেখা যাবে রেজাল্ট?
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পাবে। তবে হার্ডকপি বা অরিজিনাল মার্কশিট পেতে স্কুল পর্যন্ত যেতে হবে পড়ুয়াদের। স্কুল কর্তৃপক্ষকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে আজই তা পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব ওয়েবসাইট ও অ্যাপে ফলাফল মিলবে:
অনলাইনে দ্রুত ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীরা নিচের পোর্টালগুলো ব্যবহার করতে পারবে:
www.wbbse.wb.gov.in
www.wbbsedata.com
www.TV9bangla.com (লিংকে ক্লিক করে নাম ও রোল নম্বর দিলেই রেজাল্ট দেখা যাবে)
এছাড়াও স্মার্টফোন থেকে iResults, Madhyamik Results বা Edutips App-এর মাধ্যমে সহজেই নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবে ছাত্রছাত্রীরা।
পর্ষদের বড় সাফল্য:
গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। পর্ষদ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই কথা রেখেই আজ নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল সামনে আনা হচ্ছে। এবারের পরীক্ষার বিশাল কর্মযজ্ঞ সামলাতে ৫২ হাজার পরীক্ষক (Examiner) এবং ১৩৭৬ জন প্রধান পরীক্ষক (Head Examiner) দিনরাত কাজ করেছেন। ১ লক্ষেরও বেশি ইনভিজিলেটরের তত্ত্বাবধানে মোট ১৪৮৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
নির্বাচনী আবহে পরীক্ষা এবং ফল প্রকাশ নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও পর্ষদ অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। আজ মেধাতালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের সেরা স্কুল ও পড়ুয়াদের নাম নিয়ে চর্চা শুরু হবে বলে মনে করছে শিক্ষা মহল।