“ভারতের পা ধোয়া জল খাচ্ছে পাকিস্তান!” ট্রাম্প-মোদী রসায়নে জ্বলেপুড়ে খাক ইসলামাবাদ

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নতুন মুক্ত বাণিজ্য চুক্তি এবং ট্রাম্পের শুল্ক কমানোর ঘোষণা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়েছে পাকিস্তানে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করেন, তখন থেকে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ পাকিস্তানি নাগরিকরা। নিজেদের দেশের সামরিক ও অসামরিক নেতৃত্বকে নিয়ে প্রকাশ্যেই শুরু হয়েছে বিদ্রূপ আর উপহাস।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের একাংশের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নত না করেই ট্রাম্পের থেকে বড় সুবিধা আদায় করে নিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারকে তুলোধনা করে নেটিজেনরা বলছেন, ট্রাম্প পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘রক্ষিতার মতো’ ব্যবহার করেছেন। এক পাকিস্তানি এক্স ব্যবহারকারী চরম কটাক্ষ করে লিখেছেন, ট্রাম্প মুনিরকে দিয়ে সব নোংরা কাজ করিয়ে নিলেন, কিন্তু দেওয়ার বেলায় বললেন ‘আমাকে ভুলে যাও’। সঙ্গে শেয়ার করা হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে আসিম মুনির বিরল খনিজের বাক্স হাতে কাঁদছেন আর পিছনে হাসিমুখে দাঁড়িয়ে মোদী ও ট্রাম্প।

ইমরান খানের সমর্থকরাও এই সুযোগ হাতছাড়া করেননি। পিটিআই নেতা হাম্মাদ আজহার ও জুবায়ের আহমেদ খানদের দাবি, এই ‘অবৈধ’ সরকার ট্রাম্পকে খুশি করতে ইজরায়েলে সৈন্য পাঠানোর প্রস্তাব দিলেও পাকিস্তানের ওপর মার্কিন শুল্ক ১৯ শতাংশই বহাল রয়েছে। অথচ ভারত কোনও তোষামোদ না করেই বড় জয় ছিনিয়ে নিয়েছে। ট্রাম্প এবং মোদীর ছবি দেওয়া ‘ইন্ডিয়া টুডে’-র প্রচ্ছদ শেয়ার করে পাকিস্তানিরা হাহাকার করে বলছেন, “এটাই হলো আসল বিদেশনীতি, যেখানে মাথা নিচু না করেই সুবিধা পাওয়া যায়।”