লক্ষ্মীর ভাণ্ডারে ১৮০০ টাকা! বাজেটের আগেই বড় চমক মমতার, ফেব্রুয়ারি থেকেই কি কপাল খুলছে মহিলাদের?

রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী বা বার্ধক্য ভাতা—তৃণমূল সরকারের এই প্রকল্পগুলি এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তবে এবার এই সকল ভাতাকে কেন্দ্র করে সামনে এল এক বিরাট চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন ধরে চলা জল্পনা কি এবার সত্যি হতে চলেছে? নবান্ন সূত্রে মিলছে বড়সড় সংকেত।

সবচেয়ে বেশি চর্চা চলছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে। বর্তমানে রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা করে সরাসরি ব্যাঙ্কে পাচ্ছেন। কিন্তু বেশ কিছু দিন ধরেই দাবি উঠছিল এই ভাতার পরিমাণ বাড়ানোর। কান পাতলেই শোনা যাচ্ছে, আসন্ন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী এক বিশাল চমক দিতে পারেন।

সূত্রের খবর, সাধারণ জাতির মহিলাদের ভাতা বাড়িয়ে করা হতে পারে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য তা হতে পারে ১৮০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে যে, ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত টাকা পেতে পারেন বাংলার মহিলারা। তবে সরকার এখনও সরকারিভাবে কোনো সিলমোহর দেয়নি। বাজেটের দিনে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী এই নিয়ে বড় ঘোষণা করেন কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।